২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শব্দদূষণ: স্কয়ার হাসপাতালকে জরিমানা

জেনারেটরের উচ্চ শব্দে জনদুর্ভোগ সৃষ্টি করায় স্কয়ার হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেনারেটরের উচ্চ শব্দে জনদুর্ভোগ সৃষ্টি করায় স্কয়ার হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের আশপাশে বসবাসকারীদের অভিযোগের পর অভিযান চালিয়ে শব্দ দূষণের ঘটনা প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয় বলে মঙ্গলবার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, জেনারেটরের মাতাত্রিরিক্ত শব্দ স্থানীয় বাসিন্দাদের রাতের ঘুমে ব্যাঘাত সৃষ্টি করে-স্থানীয় বাসিন্দাদের এমন অভিযোগের পর অধিদপ্তরের একটি দল সোমবার রাতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায়। মঙ্গলবার সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করে তিরষ্কার করেন এবং শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ৫ লাখ টাকা জরিমানা করেন। পরিবেশ আইনে ওই এলাকায় রাত্রিকালীন শব্দের সহনীয় মাত্রা ৩৫ ডেসিবল উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শন দল এক হাজার কেভিএ ক্ষমতাসম্পন্ন জেনারেটরের শব্দ দূষণের মাত্রা পরিমাপ করে শব্দের মান পান যথাক্রমে- ৬৫ ও ৭৩ ডেসিবল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী হাসপাতালের ১০০ বর্গমিটার নীরব এলাকা ঘোষণা করে গাড়ীর হর্ণ বাজানোসহ উচ্চ শব্দ সৃষ্টি নিষিদ্ধ করা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষে জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ইউসুফ আলী প্রধান হাজির হয়ে অভিযোগের সত্যতা স্বীকার করে জেনারেটরটি বন্ধ রাখার অঙ্গীকার করেন। শব্দ দূষণের জন্য গত বছর দুই দফায় হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হলেও তারা প্রতিকারমূলক ব্যবস্থা না নেওয়ায় জরিমানা এবং জেনারেটরটি বন্ধ করে বিকল্প ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৮২৪ ঘ.