সিরাজগঞ্জ, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গায় সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- অটোরিকশা যাত্রী উল্লাপাড়া ইউনিয়নের পূর্ণিমাগাতী ইউনিয়নের ভেংড়ি গ্রামের এরশাদ আলী মণ্ডল (৩০), তার স্ত্রী আর্জিনা খাতুন (২৫), তাদের চার মাসের ছেলে আব্দুল্লাহ, ভাগ্নে খায়রুল ইসলাম (১৫) এবং নিকট আত্মীয় ও অটোচালক জানে আলম (৩০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরুন্নবী জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের হোরগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, ঝিনাইদহ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হন। সিরাজগঞ্জ সদর জেলা হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো দুই জন। তাদের লাশ থানায় রয়েছে।
দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২০৪৩ ঘ.
bdnews24