২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজত থেকে আসামির পলায়ন, ৩ পুলিশ বরখাস্ত

নোয়াখালী জেলা কারগার থেকে লক্ষ্মীপুর আদালতে নেওয়ার পথে এক আসামি পালিয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

নোয়াখালী, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী জেলা কারগার থেকে লক্ষ্মীপুর আদালতে নেওয়ার পথে এক আসামি পালিয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জ্ঞিাসাবাদের জন্য স্থানীয় এক হাতুড়ে ডাক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জেলা সদরের চন্দ্রগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পলাতক আসামি হলেন কামরুল হাসান সোহাগ (২৮)। সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- হাবিলদার শ্রীকান্ত চাকমা, কনস্টেবল গোলাম মোস্তফা ও মো. রেজাউল হক। আটক হয়েছেন চন্দ্রগঞ্জ বাজারের হাঁড়ভাঙ্গা চিকিৎসক মানিক। নোয়াখালী জেলা কারাগারের জেলার মাহবুবুর রহমান বলেন, হত্যা ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলার আসামি ডান্ডাবেড়ি পরিহিত কামরুলকে লক্ষ্মীপুর জেলা আদালতে হাজির করানোর জন্য সকালে এই তিন পুলিশ সদস্যের কাছে হস্তান্তর করা হয়। কামরুলকে নিয়ে অটোরিকশায় করে লক্ষ্মীপুর যাওয়ার পথে চন্দ্রগঞ্জ বাজারে পৌঁছলে সোহাগ পুলিশকে শৌচাগারে যাওয়ার কথা বলেন। এ সময় পুলিশ চন্দ্রগঞ্জ বাজারের হাঁড়ভাঙ্গা ডাক্তার মানিকের ঘরের শৌচাগার ব্যবহার করার হন্য সোহাগের ডান্ডাবেড়ি খুলে দেয়। কিন্ত শৌচাগার থেকে বের হতে দেরি দেখে এগিয়ে গিয়ে পুলিশ তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়, জানান জেলার মাহবুব। নোয়াখালীর পুলিশ সুপার হারুনুর রশীদ হাযারী জানান, এ ঘটনায় কর্তব্যরত তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং ঘটনা তদন্তে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রশীদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হাড়ভাঙ্গা চিকিৎসক মানিককে আটক করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৪৭ ঘ.