ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর চাকরির মেয়াদ বৃদ্ধি করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ আদেশ জারি করে।
অস্ট্রেলিয়ায় রাষ্ট্রদূত হিসেবে তার চুক্তিভিত্তিক নিয়োগ আরো এক বছর মেয়াদে বাড়ানো হয়েছে যা গত ৩১ ডিসেম্বর থেকে কার্যকর।
বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর চাকরির মেয়াদ শেষ হয় গত ৩০ ডিসেম্বর।
এর আগে গত বছর জুনে তাকে একবার দেশে ফেরানোর সিদ্ধান্ত হলেও পরে সরকার তা প্রত্যাহার করে।
২০০৭ সালের ১১ জানুয়ারি নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন মাসুদ উদ্দিন। ওইদিন দেশে জরুরি অবস্থা ঘোষণা এবং ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পেছনে তার বড় ধরনের ভূমিকা ছিল বলে ধারণা করা হয়। ওই বছরই আরো দুই সেনা কর্মকর্তার সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পান মাসুদ।
তবে ২০০৮ এর জুনে অল্প সময়ের ব্যবধানে দুই দফা বদলি করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কেন্দারের ভায়রা মাসুদকে। প্রথমে তাকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের পদ থেকে তাকে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট করা হয়। এরপর কূটনৈতিক দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয় বিদেশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭০২ ঘ.
bdnews24