২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জুবায়ের হত্যায় ছাত্রলীগ জড়িত নয়’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র হত্যার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন সংগঠনটির সভাপতি, যদিও ওই ঘটনায় তিন ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 08:50 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র হত্যার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন সংগঠনটির সভাপতি, যদিও ওই ঘটনায় তিন ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী এ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ মঙ্গলবার এক সমাবেশে বলেন, “বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে- ছাত্রলীগের হামলায় ওই জাবির ছাত্র নিহত হয়েছেন। অথচ অনেক আগে থেকেই সেখানে কোনো কমিটি নেই।” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অপরাজেয় বাংলার সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। রোববার ছাত্রলীগের হামলায় ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ আহত হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে তার মৃত্যু হয়। মৃত্যুর পর চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে জুবায়েরের মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে, ডান হাত ও দুই পা ছিলো ভাঙা। ঘটনার পর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দিনভর ভিসিকে অবরুদ্ধ করে রাখলে সন্ধ্যার দিকে সংগঠনটির ‘ভিসি গ্র“প’ নামে পরিচিত ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যান। এরই মধ্যে জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় ছাত্রলীগকর্মী প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র খন্দকার আশিকুল ইসলাম ও খান মোহাম্মদ রইস এবং দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাশেদুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপরাজেয় বাংলার সামনে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ দাবি করেন, ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে ছাত্রদলই এসব বিশৃঙ্খলা করছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এর আগে ক্যাম্পাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করে ছাত্রলীগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৪৪৪ ঘ.