রাজশাহী, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিখোঁজের প্রায় দু’মাস পর চতুর্থ শ্রেণির এক ছাত্রীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার এবং অপর দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার বদোপাড়া গ্রামের প্রার্থনা সরকারের লাশ পাওয়া যায় তাদের পাশের বাড়ির সেপ্টিক ট্যাংকে। সে ওই গ্রামের পরিমল সরকারের মেয়ে।
পুঠিয়া থানার ওসি শেখ আসিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১২ নভেম্বর প্রার্থনা সরকার নিখোঁজ হয়। ওই ঘটনায় পরিমল পুঠিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছিলেন।
মামলার তদন্তের এক পর্যায়ে পুলিশ রোববার (৮ জানুয়ারি) তাহেরপুর মাদ্রাসার শিক্ষক কালাম হোসেন ও পাশের বাড়ির রতনকে গ্রেপ্তার করে।
রতনের দেওয়া তথ্য অনুযায়ী কালামের বাড়ির সেপ্টিক ট্যাংক থেকে দুপুর সাড়ে ১২ টার দিকে প্রার্থনার গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
কালামের ছেলে গালিব ও রতন ধর্ষণের পর মেয়েটিকে হত্যা করে লাশ সেপ্টিক ট্যাংকে ফেলে দেয় বলে জিজ্ঞাসাবাদে রতন পুলিশকে জানিয়েছে।
লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য গালিবের মা ও বোনকে আটক করেছে পুলিশ। গালিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২২০৫ ঘ.
bdnews24