দিনাজপুর, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার আমবাড়ি বাস কাউন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শী।
নিহত কাহার উদ্দিন (৪০) চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের কাছাম উদ্দিনের ছেলে।
ঘটনাস্থলে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট বেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, সকাল ১০টার দিকে লামিয়া পরিবহনের ঢাকাগামী বাসটি কাউন্টারে রাখার সময় কাহারকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় বিক্ষুব্ধ জনতা দিনাজপুর-ফুলবাড়ী সড়ক অবরোধ করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুদ্দিন আহমেদ জানান, চালককে আটক করে নিরাপদ স্থানে রাখা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৩২ ঘ.
bdnews24