ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিতে ‘বিশেষ সুবিধা’ দিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সোমবার জাতীয় সংসদের ‘জনপ্রশাসন মন্ত্রণালয়’ সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমাও কেন অন্য কর্মচারীদের সঙ্গে একই অনুপাতে বাড়ানো হবে না- হাইকোর্টের দেওয়া এই রুলের দিনই (সোমবার) সংসদীয় কমিটির এ সুপারিশ এলো।
বর্তমানে সরকারি চাকরিতে মুুক্তিযোদ্ধাদের অবসরের বয়সীমা ৫৯ বছর। ২০১০ সালের ৩ ফেব্র“য়ারি তাদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করে সরকার। এরপর গত বছরের ২৬ ডিসেম্বর সব সরকারি কর্মচারীর অবসরের বয়সসীমাও দুই বছর বাড়িয়ে করা হয় ৫৯ বছর।
এরপর মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক কমান্ড ইউনিট সরকারি চাকরিতে তাদের অবসরের বয়সসীমা ৬২ বছর করার দাবি জানায়।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ চাকরিজীবীদের অবসরের বয়সসীমা স¤প্রতি ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করার প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে তাদের অবসরের বয়সসীমা ৫৯ বছর থেকে বাড়িয়ে ৬১ বছর করার পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
একটি রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার দুপুরে মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমাও কেন অন্য কর্মচারীদের সঙ্গে একই অনুপাতে বাড়ানো হবে না, তার কারণ জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।
আইন, জন প্রশাসন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ পদ্ধতি
সংসদীয় কমিটির বৈঠকে তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারীদের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় ৬০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৪০ নম্বর নির্ধারণ করার পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।
এছাড়া বৈঠকে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কর্তৃক ক্যাডার, নন-ক্যাডার ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার মান যথাযথভাবে নির্ধারণ করার সুপারিশ করা হয়।
মন্ত্রণালয়ের ভেতরে ও বিভাগে চাকরিরত সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটরদের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরদের বেতন বৈষম্য দূরীকরণের সুপারিশ করা হয় বৈঠকে ।
কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামান বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, এইচ, এন আশিকুর রহমান, এবিএম গোলাম মোস্তফা, মো. আবু তালহা, এম, এ মান্নান এবং জাহানারা বেগম বৈঠকে অংশ নেয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৮৫৫ ঘ.
bdnews24