২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আদালত বসানো চেয়ারম্যানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়’

গাইবান্ধা সদরের একটি ইউনিয়নে নিজস্ব নিয়ম কানুনে আদালত বসানো চেয়ারম্যানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদরের একটি ইউনিয়নে নিজস্ব নিয়ম কানুনে আদালত বসানো চেয়ারম্যানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। ওই চেয়ারম্যানের বিচারিক কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছে আদালত। গাইবান্ধার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ‘আদালত’ বসানো গিদারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম সাদেক ওরফে লেবুকে তিন সপ্তাহের মধ্যে এ জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি এই চার বিবাদীকে ওই ঘটনার ব্যাখ্যা জানাতে আগামী ১২ জানুয়ারি আদালতে হাজির থাকতে বলা হয়েছে। সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করে। গত রোববার দৈনিক প্রথম আলোতে ‘এক চেয়ারম্যানের নিজস্ব আদালত’ শীর্ষক একটি খবর নজরে আনলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করে। খবরটি আদালতের নজরে আনেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। ওই প্রতিবেদনে বলা হয়, গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম সাদেক ওরফে লেবু প্রতি শনিবার ‘আদালত’ বসান। ওই আদালতে বিচার চাইতে হলে নির্দিষ্ট ফি দিয়ে আবেদন করতে হয়। বিচারের দিন হাজির না হলে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। বাদি-বিবাদী দুই পক্ষকে টাকা দিয়ে ‘আইনজীবী’ নিয়োগ করতে হয়। প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের ২৭ জুলাই চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর সাদেক নিজস্ব নিয়মকানুনে বিচার চালু করেছেন। তিনি আট মাসের অন্তঃসত্ত্বাকে তাঁর আদালতে আসতে বাধ্য করেছেন। শাস্তি হিসেবে কয়েকজন গ্রামপুলিশকে সূর্যের দিকে মুখ করে দাঁড় করিয়ে রাখেন তিনি। গ্রামপুলিশদের বাধ্য করেন তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৭১৭ ঘ.