২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিশু গৃহকর্মীকে হত্যা করা হয়েছে’

মাগুরায় শিশু গৃহকর্মী রোমেছাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

অলোক বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি মাগুরা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় শিশু গৃহকর্মী রোমেছাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। রোববার মাগুরা সদর হাসপাতালের পাঁচ সদস্যের ময়নাতদন্ত দলের প্রতিবেদন সিভিল সার্জন বরাবর জমা দেওয়া হয়। সোমবার তা সদর থানা পুলিশের হাতে আসে। গত বুধবার (৪ জানুয়ারি) মাগুরা শহরের কলেজপাড়ার স্কুল শিক্ষিকা মাহমুদা খাতুনের বাসা থেকে গৃহকর্মী রোমেছা পারভীনের (৮) লাশ উদ্ধার করা হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ময়নাতদন্ত দলের সভাপতি ডা. আব্দুস ছালাম মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে সাধারণত গলার নিচে দাগ থাকে। আত্মহত্যাকারীর শরীর থেকে পায়খানা, প্রসাব বের হয়ে যায়। চোখের মনি বাইরে চলে আসে। “কিন্তু রোমেছার ক্ষেত্রে এসব কিছু দেখা যায়নি।” ডা. মুকুল আরো বলেন, এছাড়াও রোমেছার গলার চারদিকে চিকন দড়ির দাগ রয়েছে। মাথায় আছে আঘাতের চিহ্ন। “এসব আলামতে প্রতীয়মান হয় যে সে আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে,” বলেন ডা. আব্দুস ছালাম মুকুল। রোমেছা পারভীন হত্যা মামলায় গৃহকর্ত্রী সদর উপজেলার গৌরিচরণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা খাতুনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মাহমুদার বিরুদ্ধে এ হত্যা মামলাটি করেন রোমেছার মা জবেদা বেগম। রোমেছা সদর উপজেলার ইছাখাদা মির্জাপুর গ্রামের দিনমজুর রশিদ মিয়া ও জবেদা বেগমের মেয়ে। তবে মাহমুদার দাবি, রোমেছা আত্মহত্যা করেছে। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার পাঁচদিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হবে আদালতে। ১০ বছর আগে রোমেছার বোনেরও মৃত্যু হয় এভাবে ইছাখাদা মির্জাপুর গ্রামে গিয়ে রোমেছার স্বজনদের সঙ্গে কথা বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি অলোক বোস। রোমেছার চাচা জব্বার মিয়া ও তাদের প্রতিবেশী জামিল হোসেন বলেন, এই শিক্ষিকা মাহমুদার খাতুনেরই গ্রামের বাড়িতে গৃহকর্মী থাকাকালে রোমেছার বড় বোন খোদেজা পারভীনের মৃত্যু হয়েছিল। তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নব্বই দশক থেকে মাহমুদার গ্রামের বাড়ি মির্জাপুরে খোদেজা পেটে-ভাতে (বিনা মজুরিতে) গৃহকর্মীর কাজ করতো। মাহমুদার পরিবারের লোকজন প্রায়ই তাকে মারধর করত। নির্যাতন সহ্য করতে না পেরে বেশ কয়েকবার সে বাড়িতে পালিয়েও আসে। পরে তারা এসে আবার ফিরিয়ে নিয়ে গেছে। জব্বার মিয়া বলেন, ২০০২ সালে মাহমুদার বাড়ি থেকে জানানো হয়- খোদেজা বিষপানে আত্মহত্যা করেছে। সে সময় পুলিশকে না জানিয়ে ময়নাতদন্ত ছাড়াই খোদেজার লাশ দাফন করা হয় বলেও তিনি জানান। এ ব্যাপারে মাহমুদার বড়ভাই রতন আলী বিশ্বাস তাদের বাড়িতে খোদেজার মৃত্যুর বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খোদেজাও আত্মহত্যা করেছিল। ওদের পরিবারের সবারই মানসিক সমস্যা আছে।” এদিকে রোমেছা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিমাই চন্দ্র দেবনাথ খোদেজার মৃত্যুর পর সদর থানায় ওই সময়ের কোনো অপমৃত্যু মামলার হদিস পাননি বলে জানান। খোদেজার মৃত্যুর বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান নিমাই চন্দ্র দেবনাথ। মাহমুদার পরিবারের সদস্যরা নানা অপরাধে জড়িত অভিযোগ করেন ওই গ্রামের বিপ্লব হোসেন, আক্তার হোসেন, জামিল হোসেনসহ একাধিক ব্যক্তি। তারা বলেন, ২০০৫ সালে পাশের আলাইপুর গ্রামের অনাথ বসু নামের এক সোনালী ব্যাংক কর্মকর্তাকে হত্যার দায়ে মাহমুদার ভাই তরিকুল ইসলামের যাবজ্জীবন সাজা হয়। সাত বছর কারাভোগের পর সম্প্রতি তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮০০ ঘ.