২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীনেশের পরিবার পাবে ক্ষতিপূরণ

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক দীনেশ দাশের মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এদিকে, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় সাংবাদিক দীনেশ দাশের মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এদিকে, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১১টা থেকে প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করে রাখেন সাংবাদিকরা। সাংবাদিকদের কর্মসূচিতে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের আহ্বায়ক ইলিয়াস কাঞ্চন, সৈয়দ আবুল মকসুদ, তারানা হালিম প্রমুখ। ক্ষতিপূরণ পাবে দীনেশের পরিবার এদিকে সকালে ইকবাল সোবহানের নেতৃত্বে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে ফিরে এসে দীনেশের পরিবারকে সহযোগিতা ও দোষীদের শাস্তির আশ্বাসের কথা জানান রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা। তিনি বলেন, বৈঠকে দীনেশের স্ত্রী পলি দাশকে এককালীন ১০ লাখ টাকা অনুদান দেওয়ার আশ্বাস মিলেছে। আগামী পাঁচ দিনের মধ্যে টাকা হস্তান্তর করা হবে। এ ছাড়া তার স্ত্রীকে বাংলাদেশ সংবাদ সংস্থা ‘বাসস’ এ চাকরির ব্যবস্থা করবে তথ্য মন্ত্রণালয়। মেয়ে অন্বেষা দাশ অথৈকে ভিকারুন নিসা নূন স্কুলে ১০ম শ্রেণী পর্যন্ত বিনাখরচে পড়ানোর আশ্বাসও দিয়েছে সরকার, যোগ করেন বাদশা। পরে দেড়টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এএল/১৭৫২ ঘ.