ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণ মামলায় সাবেক অধ্যক্ষ হোসনে আরা এবং বসুন্ধরা শাখার তৎকালীন প্রধান লুৎফর রহমানের নাম আসামির তালিকায় অন্তর্ভুক্ত করে তিন জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত। ওই দুই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও নির্দেশ দেওয়া হয়েছে।
এ মামলার প্রধান আসামি ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষক পরিমল জয়ধর বর্তমানে কারাগারে রয়েছেন। কেবল তাকে আসামি দেখিয়ে এজাহারভুক্ত আসামি হোসনে আরা ও লুৎফরের নাম বাদ দিয়ে এ মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দিয়েছিল পুলিশ।
গত ৫ জানুয়ারি ওই প্রতিবেদনের গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষে সোমবার এ বিষয়ে আদেশ দেন ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মো. আরিফুর রহমান।
৯ ফেব্রুয়ারি দুই জনের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে রমনা ও বাড্ডা থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাদীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট জিল্লুর রহমান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুনঃতদন্ত প্রতিবেদনে দুই জনের নাম বাদ দেওয়া হলেও ট্রাইব্যুনাল এজাহারভুক্ত ওই দুই আসামিকে অন্তর্ভুক্ত করেই অভিযোগ আমলে নিয়েছেন। হোসনে আরা ও লুৎফর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দেওয়া হয়েছে।”
তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরুর বিষয়ে আদালত পরে তারিখ দেবে বলে জানান তিনি।
এর আগে গত ৫ জানুয়ারি পরিমল জয়ধর জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেয়।
ধর্ষণের অভিযোগে ওই ছাত্রীর বাবা ভিকারুননিসার বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে মামলা করার পর গত বছর ৬ জুলাই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরিমলকে রক্ষার চেষ্টা করেছেন- এই অভিযোগ ওঠায় ছাত্রীদের বিক্ষোভের মুখে অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হয় হোসনে আরাকে।
গত বছরের ২৮ নভেম্বর হোসনে আরা এবং লুৎফর রহমানকে বাদ দিয়ে শুধু পরিমল জয়ধরকে অন্তর্ভুক্ত করে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। বাদীর নারাজি আবেদনে আদালত পুনঃতদন্তের নির্দেশ দিলেও আগের মতোই ওই দুই জনের নাম বাদ দিয়ে শুধু পরিমলকে আসামি করে প্রতিবেদন দেওয়া হয়।
আদেশে আদালত যা বলেছে
আদেশে আদালত বলে, পরিমলের বিরুদ্ধে যথাসময়ে ব্যবস্থা গ্রহণ না করে আশ্রয়-প্রশ্রয় দেওয়া অপরাধের শামিল।
“আমাদের সন্তানদের (শিক্ষার্থীদের) দীর্ঘ সময় কাটে সংশ্লিষ্ট শিক্ষালয়ে। তাদের দেখভাল ও নিরাপত্তার দায়ভার সঙ্গত কারণেই সেই প্রতিষ্ঠানের কর্ণধার বা প্রধানের।”
ছাত্রীকে শিক্ষকের একাধিকবার ধর্ষণ আর দশটা সাধারণ ধর্ষণের মামলার সঙ্গে তুলনীয় নয় মন্তব্য করে আদালত বলে, “সার্বিক ঘটনা বিশ্লেষণে স্কুল প্রধান ও শাখা প্রধানের দায়বদ্ধতা এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ততা সহজেই বোঝা যায়। অথচ এ বিষয়টি জ্ঞাত অথবা অজ্ঞাতসারে তদন্তকারী কর্মকর্তার দৃষ্টিগোচর হয়নি। তাই তদন্ত কাজের যথার্থতা এবং তদন্তকারীর নিরপেক্ষতা ও দক্ষতা প্রশ্নবিদ্ধ হয়।”
অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে অকাট্য সাক্ষ্যপ্রমাণ অত্যাবশ্যক নয় উল্লেখ করে আদালত বলে, “দাখিল করা পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে কোন আপত্তি উত্থাপন না করলেও ন্যায়বিচার নিশ্চিত করতে অব্যাহতির সুপারিশ অগ্রাহ্য করে ওই দুইজনকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/আরএ/১৭২৮ ঘ.
bdnews24