ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহকের মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর কোড বদলের সুবিধা চলতি বছরের মধ্যে চালুর পরামর্শ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।
মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) নামের এ সেবা চালুর ব্যবস্থা নিতে রোববার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির সভায় বিটিআরসিকে পরামর্শ দেওয়া হয়।
সংসদ ভবনে বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাসানুল হক ইনু।
বৈঠক শেষে ইনু সাংবাদিকদের বলেন, এক দশক আগেই বিভিন্ন দেশে এমএনপি চালু হয়। মোবাইল গ্রাহক সুবিধার জন্য এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে সিম নম্বর পরিবর্তন করতে পারেন।
তিনি জানান, এমএনপি চালু হলে গ্রাহক সুবিধা বিবেচনা করে প্রথম চারটা ডিজিট পরিবর্তন করে অন্য ডিজিটগুলো হুবহু রেখে একটি মোবাইল অপারেটর থেকে অন্য অপারেটরে যাওয়ার সুযোগ থাকবে।
এতে গ্রাহক ধরে রাখতে কোম্পানিগুলোর মধ্যেও প্রতিযোগতা থাকবে বলে মন্তব্য করেন ইনু।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এ পদ্ধতি চালুর লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিষয়টি মোবাইল লাইসেন্স (২জি) নবায়ন গাইডলাইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমএনপি চালু করতে গাইডলাইন প্রণয়নে একজন পরিচালকসহ চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গাইডলাইন প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
দেশে ছয়টি মোবাইল ফোন অপারেটরের বর্তমানে প্রায় সাড়ে আট কোটি গ্রাহক আছে।
ইনু জানান, বৈঠকে আইজিডব্লিউ, আইসিএক্স ও আইআইজি লাইসেন্স দেওয়া সংক্রান্ত আবেদন পত্র মূল্যায়নের পদ্ধতিগত বিষয়টিতে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া বৈঠকে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড কর্তৃক উৎপাদিত অপটিক্যাল ফাইবার ক্রয় করে এবং বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে ব্যবহৃত ১১টি কাঁচামালের ওপর শুল্ক হ্রাস করে দেশকে শিল্প সমৃদ্ধ করার প্রতিও গুরুত্ব আরোপ করা হয়।
ইনু বলেন, “এসব কাঁচামালের শুল্ক হার ৩৪ থেকে ৫৬ শতাংশের পরিবর্তে ১০ শতাংশে রাখার সুপারিশ করা হয়।”
একই সঙ্গে লোকাল এরিয়া নেটওয়াক কেবল, ইলেকট্রিক কেবল, হাউজ ওয়্যার প্রভৃতি উৎপাদনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে আন্তর্জাতিক কলরেটের নিুসীমা মিনিট প্রতি ৩ সেন্ট রাখা হলেও উচ্চসীমা ৩ দশমিক ৪৫ সেন্ট থেকে কমানো এবং বেশি মিনিট ও কল সংখ্যা ব্যবহারকারীকে বাড়তি সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
কমিটির সদস্য আসম ফিরোজ, মো. আব্দুল ওদুদ, মো. নজরুল ইসলাম বাবু, খালিদ মাহমুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন রতন বৈঠকে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/পিডি/২২০৯ ঘ.
bdnews24