বরিশাল, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রভাতী শাখায় তৃতীয় শ্রেণীতে ভর্তিসহ সব কার্যক্রম ২৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষায় বাদ পড়া দুই শিক্ষার্থীর অভিভাবকের রিট আবেদনে রোববার বিচারপতি এএইচ শামসুদ্দিন চৌধুরী এবং জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল পরদিন ঘোষণা করা হয়। শিশুদের উত্তরপত্রগুলো জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মূল্যায়ন করা হয়। পরে ২ ডিসেম্বর জেলা প্রশাসন পুনরায় ফল ঘোষণা করে। এতে ২৭ ডিসেম্বর উত্তীর্ণদের মধ্যে থেকে ৩৫ শিশু বাদ পড়ে।
এরপর ১ জানুয়ারি সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমান বলেন, “ভর্তি পরীক্ষার তথ্য কম্পিউটারে এন্ট্রি দিতে গিয়ে বড় ধরনের ভুল হয়ে যায়। এর কারণে ঘাষিত ফলাফলে ত্র“টি দেখা দেয়।”
সিদ্ধান্তের বিরুদ্ধে উত্তীর্ণ তালিকা থেকে বাদ পড়া দুই শিশুর অভিভাবক মো. নূরুল হক ও মো. আক্তারুজ্জামান রিট আবেদন করেন। এতে তারা ২৭ ডিসেম্বর ঘোষিত ফল বহাল রেখে শিক্ষার্থীদের ভর্তির আদেশ দেওয়ার আবেদন জানায় এবং ২ জানুয়ারির ফল প্রত্যাহারের আদেশ চায়।
রিটকারীদের আইনজীবী মো. মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ শিশুর ফল কেন বাতিল করা হয়েছে জানতে চেয়ে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবং সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর আদেশ দিয়েছে আদালত।
এই রিট আবেদনে শিক্ষা সচিব, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিবাদি করা হয়েছে।
আগামী ২৩ জানুয়ারি রিটের চূড়ান্ত শুনানি হবে বলে জানান আইনজীবী মোস্তফা কামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৯৫৩ ঘ.
bdnews24