২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরসহ তিন জনকে হাজির হতে বলেছে আদালত

সেনাবাহিনীর ‘সুনাম নষ্টের’ অভিযোগে বাংলা দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিন জনকে হাজির হতে বলেছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 11:44 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর ‘সুনাম নষ্টের’ অভিযোগে বাংলা দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিন জনকে হাজির হতে বলেছে ঢাকার একটি আদালত। মামলায় অভিযুক্তরা হলেন- ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক মো. হাসমত আলী ও ‘অজ্ঞাতনামা’ বিশেষ প্রতিনিধি। ‘মেজর জিয়াকে নিয়ে রহস্য’ শিরোনামে খবর প্রকাশে সেনাবাহিনীর ‘সুনাম নষ্টের’ অভিযোগে রোববার হওয়া এক মামলায় তাদের আগামি ২২ জানুয়ারি আদালতে হাজির হওয়ার আদেশ দেন মহানগর হাকিম মুহাম্মদ সামছুল ইসলাম। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন অবসরপ্রাপ্ত মেজর শাহ আলম তালুকদার। বাদির আইনজীবী আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলা দায়ের ও অভিযুক্তদের তলবের এ তথ্য জানান। মামলার অভিযোগে বলা হয়, ‘বানোয়াট’ ওই খবরে অভিযুক্তরা সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনীর সুনাম নষ্ট করেছে। এতে ওই বাহিনীর একজন সাবেক কর্মকর্তা হিসাবে তারও মর্যাদাহানি ঘটেছে। সরকারদলীয় সাংসদ কামাল মজুমদার একই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে গত বৃহষ্পতিবার একটি মানহানি মামলা করেন। ওই মামলায় অভিযুক্তদের আগামি ২৭ ফেব্র“য়ারি আদালতে তলব করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৭৪০ ঘ.