মাগুরা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখা উপজেলায় হাতুড়িপেটা করে এক যুবকের হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
রোববার সকালে নিত্যান্দী গ্রামে এ হামলার শিকার যুবকের নাম সোবাহান বিশ্বাস (৩২)। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোবাহান বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় একমাস আগে ক্রিকেট খেলা নিয়ে ওই গ্রামের দুই মাতব্বর শহীদ ম-ল ও সত্তার মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। আমরা সামাজিকভাবে শহীদ ম-লের দলভুক্ত।
“রোববার বেলা ১১টার দিকে আমি পাশের সিংড়া বাজারের ব্যাংকে বিদ্যুৎ বিল জমা দিতে যাওয়ার সময় সত্তার মোল্লার পক্ষের ইকলাছ, রহিম, আকতার, ইউনুস, আমীর, রফিকুলসহ কয়েকজন যুবক হঠাৎ হামলা চালিয়ে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে আমার ডান হাত ও ডান পা ভেঙ্গে দেয়।”
পরে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে, বলেন সোবাহান।
শালিখা থানার ওসি এস.এম শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৫৬ ঘ.
bdnews24