২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইদীর যুদ্ধাপরাধের বিবরণ দিলেন বাসুদেব মিস্ত্রি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাইদীর যুদ্ধাপরাধের বিবরণ দিয়েছেন দশম সাক্ষী বাসুদেব মিস্ত্রি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 08:19 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাইদীর যুদ্ধাপরাধের বিবরণ দিয়েছেন দশম সাক্ষী বাসুদেব মিস্ত্রি। রোববার সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর সাক্ষ্য দেওয়া শুরু করেন পঞ্চাশোর্ধ্ব বাসুদেব। তিনি জানান, বাবার সহযোগী হিসেবে একাত্তরে কাঠমিস্ত্রির কাজ করতেন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে মে মাসে তিনি থাকতেন পিরোজপুরের ভিথুলিয়া গ্রামের মানিক পাসারীর বাড়িতে, যার বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয় রাজাকার বাহিনী। এরপর পাকিস্তানি সেনারা ওই বাড়ি থেকে মফিজ ও ইব্রাহিম কুট্টি নামের দুজনকে ধরে নিয়ে যায়। কুট্টিকে গুলি করে হত্যার পর মফিজকে নিয়ে যাওয়া হয় রাজাকার ক্যাম্পে। বাসুদেব জানান, রাজাকাররা আগুন দেওয়ার ঠিক আগেই তিনি ওই বাড়ি থেকে পালিয়ে যান। আর সেই সময়ের হত্যা, লুট ও অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় নেতৃত্বদানকারী হিসেবে দেলাওয়ার হোসেন শিকদারকে চিহ্নিত করেন, যাকে এখন সবাই চেনে দেলাওয়ার হোসাইন সাইদী হিসেবে। প্রসিকিউটর মোখলেসুর রহমানের সহযোগিতায় ট্রাইব্যুনালের কাছে সাঈদীর যুদ্ধাপরাধের বিবরণ তুলে ধরেন বাসুদেব। সাক্ষ্য শেষে বেলা ১২টার পর তাকে জেরা শুরু করেন সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম। এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করলে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি করা হয়। মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় এই সাবেক সংসদ সদস্যকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা। এ ছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এ মামলায়। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৪১০ ঘ.