ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকরাইলে বাসচাপা পড়ে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক সাংবাদিক। এই ঘটনায় ক্ষুব্ধ সংবাদ কর্মীরা জাতীয় প্রেসক্লাব ও ঈদগাহের সামনে অবস্থান নিলে হাইকোর্ট থেকে পল্টন পর্যন্ত সড়কে প্রায় ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এই সময়ে সাংবাদিকরা বিক্ষোভ দেখায় এবং বেশ কয়েকটি গাড়ি ও ফুটপাতের বাস কাউন্টার ভাংচুর করে।
সকাল পৌনে ৯টার দিকে কাকরাইল চার্চের সামনের রাস্তায় বাসের চাপায় নিহত হন আমাদের সময়ের সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক দীনেশ দাস।
রমনা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একমাত্র মেয়ে অথৈকে (৯) স্কুলে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে করে ঢাকা রির্পোটর্স ইউনিটির দিকে যাচ্ছিলেন দিনেশ। একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই পুলিশ বাসের চালক বাদশাসহ দুইজনকে গ্রেপ্তার করে।
অথৈ ভিকারুন নিসা নূন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী বলে ওসি জানান।
দীনেশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়েই সাংবাদিকরা ঘটনাস্থল এবং হাসপাতালে ছুটে যান। মরদেহ দেখতে বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
ঢাকা মেডিকেলে ময়না তদন্তের পর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে নেওয়া হয় দীনেশের মরদেহ। তার স্ত্রী পলি দাস ও মেয়ে সেখানে পৌঁছালে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। নিহত সাংবাদিকের স্ত্রী-কন্যাকে সান্তনা দেওয়া ভাষা ছিল না কারো।
রিপোর্টার্স ইউনিটিতে প্রায় এক ঘণ্টা রাখার পর মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে সহকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এ সময় বিক্ষুব্ধ সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে জানান শাহবাগ থানার উপপরিদর্শক মো. শাহজালাল।
তারা এ সময় বিক্ষোভ দেখান এবং বাস চালকের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করতে থাকেন। বেলা সাড়ে ৩টার দিকে সাংবাদিক নেতৃবৃন্দের পক্ষে ডিআরইউর সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা সোমবার সকাল ১১টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিলেও বিক্ষুদ্ধ সাংবাদিকরা সমাবেশ ও মিছিল অব্যাহত রাখেন। এরই মধ্যে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বিক্ষুদ্ধ সাংবাদিকদের সঙ্গে যোগ দিলে বিক্ষোভের মাত্রা আরো বেড়ে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে তারা বিদ্যুত মন্ত্রনালয়ের একটি পিকআপ ভাংচুর করে।
এছাড়া দুপুরের পর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রগতিশীল শিল্প ও গনমাধ্যম কর্মী ফোরাম নামে একটি সংগঠন।
পরে বিক্ষুদ্ধ সাংবাদিকরা সোমবার সকাল ১১টায় আবার সমাবেশে মিলিত হবে ঘোষণা দিলে সাড়ে ৫টার পর যানচলাচল আবার শুরু হয়।
সবার শ্রদ্ধা নিবেদনের পর দুপুর সোয়া ২টার দিকে দীনেশের মরদেহ তার গ্রামের বাড়ি নাওগাঁর রানীনগর বানিয়া পাড়ায় নিয়ে যাওয়া হয়।
গত ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বিআরটিসির একটি বাসের ধাক্কায় আহত হন কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নিখিল ভদ্র। তার ডান পা গোড়ালি থেকে কেটে ফেলতে হয়। তিনি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/জেকে/১৮৩০ ঘ.
bdnews24