ঝিনাইদহ, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণের দাবিতে ঝিনাইদহ শহর থেকে পাঁচ দিন আগে অপহৃত এক ‘চরমপন্থী’ সদস্যকে এখনো উদ্ধার করা যায়নি।
মঙ্গলবার দুপুরে শহরের কে. সি. কলেজের সামনে থেকে তোফাজ্জেল হোসেন তপু (৫০) নামের ওই ব্যক্তিকে অপহরণ করা হয় বলে তার পরিবার ও পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে কলেজের সামনের একটি মোবাইল ফোনের দোকানে তপু দাঁড়িয়ে ছিলেন। এ সময় দু’জন অপরিচিত লোক মোটরসাইকেলে এসে তাকে দু’হাত পিছমোড়া করে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায়।
কয়েকবছর আগে তপু অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন। কিছুদিন আগে জেল থেকে ছাড়া পান। পুলিশের খাতায় তপু ‘চরমপন্থী’ সংগঠন গণমুক্তি ফৌজের সদস্য হিসেবে চিহ্নিত বলে জানান ওসি।
শুক্রবার রাতে তপুর ছেলে নায়েব আলী ঝিনাইদহ থানায় একটি অপহরণ মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার রাতে তপুর মোবাইল ফোন থেকে অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারপর থেকে ওই ফোনটি বন্ধ রয়েছে।
এরপর অপহরণকারীরা আর কোনো যোগাযোগ করেনি বলে মামলায় উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪০ ঘ.
bdnews24