পাবনা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মরদেহ পাবনার আতাইকুলায় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
সকালে আতাইকুলা ব্যাপটিস্ট চার্চে বিশেষ প্রর্থনা শেষে দুপুরে পারিবারিক গোরোস্থানে তাকে সমাহিত করা হবে।
বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগতে থাকা ৮৬ বছর বয়সী স্যামসন এইচ চৌধুরী বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। গত ২৭ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। এর আগে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্কয়ার গ্রুপের সহযোগী সংস্থা মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম মুনয়েম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্যমসন চৌধুরীর মরদেহ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায়।
শুক্রবার রাতে ঢাকার কাকরাইল ক্যাথলিক চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় প্রয়াত এই শিল্পোদোক্তার জন্য। এরপর মরদেহ রাখা হয় স্কয়ার হাসপাতালের হিমঘরে। সেখান থেকে শনিবার ভোরে তার কফিন নিয়ে যাওয়া হয় পাবনার গ্রামের বাড়িতে।
১৯২৬ সালের ২৫ ফেব্র“য়ারি এই আতাইকুলা গ্রামেই জন্ম নেন স্যামসন চৌধুরী। বাবা ছিলেন ডিসপেনসারির মেডিক্যাল অফিসার। স্যামসনও ব্যবসায় আসেন ওষুুধ শিল্পের মাধ্যমে।
ভারতে পড়ালেখা শেষ করে ১৯৫২ সালে গ্রামে ফিরে ছোটো একটি ওষুধের দোকান খোলেন তিনি। পরে চার বন্ধু মিলে ১৯৫৮ সালে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
স্যামসনের অক্লান্ত চেষ্টায় ফার্মাসিউটিক্যালের পাশাপাশি প্রসাধনসামগ্রী, টেক্সটাইল, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও মিডিয়াতেও বিস্তৃত হয় স্কয়ার। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে স্কয়ারের পণ্য।
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত স্কয়ার আজ বিশাল এক শিল্পগ্রুপে পরিণত হয়েছে, যার কর্মী সংখ্যা ২৮ হাজারেরও বেশি। স্কয়ার গ্র“পের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ প্রতিষ্ঠানের বাৎসরিক আয় ৬১ কোটি ৬০ লাখ ডলার।
দেশের গুরুত্বপূর্ণ অনেক সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এই উদ্যোক্তা-শিল্পপতি। তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন তিনি।
স্যামসন এইচ চৌধুরী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপটারের চেয়ারম্যান ছিলেন ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত। শাবাজপুর টি এস্টেট ও মিউচুয়াল স্ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৩৫ ঘ.
bdnews24