২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার হৃদয়ে রঙধনু

যুক্তরাষ্ট্রে সাফল্যের পর ‘হৃদয়ে রঙধনু’র সফল মঞ্চায়ন হয়ে গেল ঢাকায়। তাজউদ্দিন আহমেদের মেয়ে তার এই সৃষ্টিতে গেয়েছেন শান্তির জয়গান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 07:44 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- “তুমি কেমন করে মা হলে, মাকে কি সন্তান গড়তে পারে- পাঁচ বছরের শিশু অমৃতার কৌতূহলী ও জিজ্ঞাসু মনের নানা কথা নৃত্য ও সংলাপের সূতায় গেঁথে মঞ্চে এনেছেন একজন মা। মা ও সন্তানের এমন গল্প ধরা দিয়েছে নৃত্যনাট্য ‘হৃদয়ে রঙধনু’তে। যুক্তরাষ্ট্রে সাফল্যের পর শনিবার রাতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়ন হয় এই নৃত্যনাট্য, যার মঞ্চায়ন হয় আগের দিনও হয়। নৃত্যনাট্যের সংলাপ ও সংগীত রচয়িতা শারমিন আহমেদ রিপি বলেন, “আমার পাঁচ বছরের কন্যা অমৃতা যখন কৌতূহলভরে জিজ্ঞেস করলো- ‘তুমি কেমন করে মা হলে’, তখন এই গল্পের শুরু।” বাংলাদেশের স্বাধীনতার অন্যতম রূপকার তাজউদ্দিন আহমেদের এই মেয়ে বলেন, প্রযুক্তিতে অগ্রগামী, দ্রুতগামী এই বিশ্বে আমাদের শিশু ও তরুণরা মানবতার বিরুদ্ধে নৃশংস হিংস্রতা প্রত্যক্ষ করছে প্রতিদিন। এর বিপরীতে প্রেম ও শান্তির প্রসারের জন্য প্রয়োজন হৃদয়ের বিপ্লব। চিত্রে হৃদয়ে রঙধনু শারমিন আহমেদের রচনার মঞ্চায়নে যুক্তরাষ্ট্রপ্রবাসী রোজমেরি মিতু গনসালভেজ গ্রাম বাংলার নানা ধরনের প্রাত্যহিক উপকরণ ‘প্রপস’ হিসেবে ব্যবহার করেছেন। মূলত নাট্যটিতে সৃষ্টির বৈচিত্র্য ও ভিন্নতার মধ্যে দিয়ে এক মানব পরিবারে ঐক্য উদযাপনে গল্পটিতে মূর্ত হয়ে উঠেছে এক শিশুর অন্বেষা। শিশুটি তার জম্মের আগেই খুঁজছে সেই মাকে যিনি তাকে এবং ভবিষ্যত প্রজম্মকে আলোকিত করবেন প্রেম ও জ্ঞানের দীপ্তিতে। শিল্পকলা একাডেমি ও যুক্তরাষ্ট্রের জাগো আর্ট সেন্টার’র যৌথ আয়োজনে এই নৃত্যনাট্যটি ঢাকায় মঞ্চস্থ হয়। এতে অংশ নেন জাগো আর্ট সেন্টার, বাংলাদেশের সংগীত প্রতিষ্ঠান নৃত্যাঞ্চল ও নন্দন কলা কেন্দ্রে শিল্পীরা। নৃত্যনাট্যটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি লায়লা হাসান। ১৯৯৫ সালে সাাপ্তাহিক রোববার পত্রিকায় ‘হৃদয়ে রঙধন’ গল্পটি প্রথম প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন ২০০৩ সালে ‘হৃদয়ে রঙধনু’ প্রকাশ করেন, গ্রন্থটি শারমিন উৎসর্গ করেছিলেন মা সৈয়দা জোহরা তাজউদ্দিনকে, বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে যার অবদানও কম নয়। এই বইটি যুক্তরাষ্ট্রের মন্টগোমেরি কাউন্টির সরকারি বিদ্যালয়গুলোতে পাঠ্যসূচিতে স্থান করে নিয়েছে। বইটিকে প্রাথমিক ও মধ্যম স্তরের শিক্ষার্থীদের জন্য অনন্য বলে মনে করছেন সেই দেশের শিক্ষাবিদরা। ২০০৫ সালে নৃত্যশিল্পী রোজমেরি মিতু গনসালভেজের আগ্রহে তা নৃত্যনাট্যে রূপান্তর করা হয়। রোজমেরি বলেন, “জন্মগ্রহণের আগে একটি শিশু তার মাকে খুঁজছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সেই অসাধারণ মা দু’হাত বাড়িয়ে আছেন ভবিষ্যতের সন্তানের দিকে, যাদের তিনি আলোকিত করবেন নানা মাত্রায়।” “এ রকম একটি গল্প মঞ্চে আনতে পেরে আমি আনন্দিত, এর সাফল্য-ব্যর্থতা বিচারের ভার দর্শকের ওপর”, বলেন তিনি। এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এ নাট্যটির মঞ্চায়ন হয়। বাংলাদেশের মঞ্চে এ নাট্যটির সফল মঞ্চায়নের ক্ষেত্রে সহযোগিতা করায় এদেশের নৃত্যশিল্পী ও শিল্পকলা একাডেমীকে আন্তরিক ধন্যবাদ জানান শারমিন। নাট্যটির সংগীত পরিচালক হিসেবে ছিলেন এম আর ওয়াসেক ও পোষাক পরিকল্পনায় আইরিন পারভীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/০১৪০ ঘ.