সাতক্ষীরা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের অনুষ্ঠানে অংশ নেওয়া এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশকে কারাগারে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) রতন শেখ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ছাত্রীর ধর্ষণচেষ্টার মামলায় শুক্রবার পলাশকে আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ হয়।
পলাশকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ওসি রতন বলেন, এই মামলার অপর আসামি সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জুয়েল হাসানকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
“রাতভর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।”
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জুয়েল হাসান ও সাধারণ সম্পাদক পলাশের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে মামলা করেন ওই ছাত্রী।
বৃহস্পতিবার রাতেই পলাশকে গ্রেপ্তার করে পুলিশ।
খুলনার আযম খান কমার্স কলেজের বিবিএ’র দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী ছাত্রলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে স্বামীর সঙ্গে সাতক্ষীরা আসেন।
এ ঘটনার প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কমিটি বৃহস্পতিবার বিলুপ্ত করা হয়।
১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি প্রতিষ্ঠিত ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল বুধবার।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে জেলা ছাত্রলীগ।
ওই অনুষ্ঠানে এক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে অংশ নেওয়া ওই কলেজছাত্রীকে অনুষ্ঠান শেষে পারিশ্রমিক দেওয়ার কথা বলে ছাত্রলীগের এক নেতার বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এ মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২৩২৭ ঘ.
bdnews24