২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি গঠনে সহযোগিতা করুন: তোফায়েল

নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সরকারকে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তোফায়েল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সরকারকে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তোফায়েল আহমেদ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল রোববার রাজধানীতে এক আলোচনা সভায় বলেন, “নির্বাচন কমিশন যদি দক্ষ, নিরপেক্ষ হয় তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। নারায়ণগঞ্জ, কুমিল্লা তার বড় উদাহারণ।” স¤প্রতি নবগঠিত নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা পরাজিত হয়েছেন। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এবং কুমিল্লায় বিএনপির বহিস্কৃত প্রার্থী মনিরুল হক সাক্কু মেয়র নির্বাচিত হন। প্রয়াত সহযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের স্মরণে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন তিনি। লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংসদ সদস্য আব্দুর রাজ্জাক। বিরোধী দলকে রাজপথ ছেড়ে সংসদে এসে দাবি তুলে ধরার আহ্বান জানিয়ে তোফায়েল বলেন, “আগামী দুই বছরে সরকারকে প্রতিশ্র“তি পূরণে কাজ করতে হবে। সংঘাতের রাজনীতি পরিহার করে আপনাদের দাবি নিয়ে সংসদে আসুন। সরকারকে সহযোগিতা করুন।” তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবিতে প্রধান বিরোধী দল বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে এই আওয়ামী লীগ নেতা বলেন, “জাতীয় সংসদে এসে তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিল আকারে উপস্থাপন করুন।” সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর থেকেই তা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। এই দাবিতে ইতোমধ্যে দুইটি রোড মার্চও করেছে তারা। সভায় অন্যদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, ব্যারিস্টার আমিনুল ইসলাম, গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য এবং বঙ্গবন্ধু একাডেমির প্রতিষ্ঠাতা মহাসচিব হুমায়ুন কবির মিজি আব্দুর রাজ্জাককে নিয়ে স্মৃতিচারণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/১৮১৬ ঘ.