২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ: বাতিল দাবিতে লন্ডনে মানববন্ধন

ভারতে বরাক নদীর টিপাইমুখে বাঁধ নির্মাণ পরিকল্পনা বাতিলের দাবিতে লন্ডনে মানববন্ধন করেছে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে বরাক নদীর টিপাইমুখে বাঁধ নির্মাণ পরিকল্পনা বাতিলের দাবিতে লন্ডনে মানববন্ধন করেছে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে বলে শিক্ষার্থীদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এই বাঁধের ফলে বাংলাদেশে সুরমা ও কুশিয়ারা নদীতে পানির প্রবাহ ব্যাহত হবে। এতে মেঘনায় পানি কমে যাবে এবং তাতে বাংলাদেশের কৃষি, সেচ, নৌ চলাচল ও খাবার পানির সরবরাহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রস্তাবিত এ বাঁধ যেখানে করার কথা বলা হয়েছে সেটি ভূমিকম্পের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা গেছে, প্রস্তাবিত টিপাইমুখ বাঁধের চারপাশের ২০০ কিলোমিটারের মধ্যে গত একশ’ থেকে দুইশ’ বছরের মধ্যে কয়েকবার ভূমিকম্প হয়েছে। বরাক নদীর টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারতের কায়েকটি রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানের সঙ্গে গত ২২ অক্টোবর বিনিয়োগ চুক্তি করে মণিপুর রাজ্য সরকার। চুক্তির খবর প্রকাশের পর তা নিয়ে দেশের সব মহলে উদ্বেগ দেখা দেয়। এ বাঁধ নির্মাণের বিরোধিতা মণিপুরেও রয়েছে। প্রকল্প বিষয়ে সরকার ও বিরোধী দল বিএনপির উদ্বেগের জবাবে ভারত বলেছে, বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু তারা করবে না। বরাক নদী সিলেট অঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকে সুরমা ও কুশিয়ারা নামে দুটি স্রোতধারায় প্রবাহিত হয়ে পরে পুনরায় মিলিত হয়ে মেঘনা নাম নেয়। মেঘনা নদী চাঁদপুরে পদ্মার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোসাগরে পতিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২০৪৩ ঘ.