২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে খুন

চট্টগ্রামের চন্দনাইশে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 06:00 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চন্দনাইশে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত অনুপমা নাথ (২৩) স্থানীয় বেসরকারি জোয়ারা পিপিএস মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তার স্বামী জগদীশ দেবনাথ (৩২) বুধবার মধ্যরাতে তাকে গলা টিপে হত্যা করেন বলে জানায় পুলিশ। তিনি চন্দনাইশ হাশিমপুর বাগিচাহাট এলাকার বিভূতি রঞ্জনের মেয়ে। তাদের ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোহাম্মদ রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ধরে জগদীশ ও অনুপমার সংসারে পারিবারিক কলহ চলছিল। তিনি বলেন, “বুধবার মধ্যরাতে (রাত আড়াইটার দিকে) দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে অনুপমার গলা টিপে ধরলে তার মৃত্যু হয়।” ওসি জানান, অনুপমার মা বেবি নাথ যৌতুকের কারণে তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, “নিহতের মা জানিয়েছেন বিয়ের সময় ৫ লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছিল। বিয়ের পর বিভিন্ন সময় যৌতুক দাবি করলে অনুপমা অপরগতা প্রকাশ করায় তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়।” ২০০৫ সালে চন্দনাইশ হারালা সদরের নীধিরামপুরের নাথ পাড়ার বাসিন্দা জগদীশ দেবনাথের সঙ্গে বিয়ে হয় অনুপমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/২৩৫৩ ঘ.