২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর মৃত্যু: গৃহকর্ত্রী মাহমুদা কারাগারে

মাগুরায় শিশু গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার স্কুল শিক্ষিকা মাহমুদা খাতুনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 05:47 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

মাগুরা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় শিশু গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার স্কুল শিক্ষিকা মাহমুদা খাতুনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। গত বুধবার মাগুরা শহরের কলেজ পাড়ার মাহমুদার বাসায় আট বছর বয়সী গৃহকর্মী রোমেছা পারভীন (৮) মারা যায়। রোমেছা সদর উপজেলার ইছাখাদা মির্জাপুর গ্রামের দিনমজুর রশিদ মিয়ার মেয়ে। মৃত্যুর পর মাহমুদা দাবি করেছিলেন রোমেছা আত্মহত্যার করেছে। এ ঘটনায় মাহমুদার বিরুদ্ধে হত্যা মামলা করেন রোমেছার মা। মাহমুদা মাগুরা সদর উপজেলার গৌরিচরণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার স্বামী ঢাকায় চাকরি করেন। রোমেছা আত্মহত্যা করেছে দাবি করে গ্রেপ্তারের আগে বুধবার প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিনের মতো বাসার বাইরের বারান্দার গ্রিলে তালা মেরে রেখে গেছি। আজ (বুধবার) বিকাল ৫টার দিকে স্কুল থেকে বাসায় ফিরে ঘরে ঢুকতেই বাঁেশর আড়ার সঙ্গে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই।” অন্যদিকে, সদর থানার এসআই নিমাই কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুরতহালে গলায় ফাঁস দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে এটি আত্মহত্যা কি না তা নিয়ে আমার কনফিউজড।” মেয়ে হত্যার বিচার চেয়ে রোমেছার বাবা রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পড়ালেখা করানোর কথা বলে নিয়ে গিয়ে আমাদের মেয়েকে দিয়ে তার বাসার সব কাজ করাত। প্রতিদিনই বকাঝকা ও মারধর করত।” সপ্তাহখানেক আগে রোমেছা নির্যাতন সইতে না পেরে মাহমুদার বাসা থেকে পালিয়ে বাড়ি চলে যায় জানিয়ে রশিদ বলেন, “সে সময় মাহমুদা তাকে এক প্রকার জোর করেই আমার বাড়ি থেকে নিয়ে যায়।” দুপুরে মাগুরা সদর হাসপাতাল মর্গে রোমেছার লাশের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত শেষে রোমেছার লাশ বৃহস্পতিবার সন্ধ্যায় ইছাখাদা মির্জাপুর গ্রামে দাফন করা হয়। মাগুরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুস সালাম মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণত তিন জন চিকিৎসকের একটি দল ময়নাতদন্ত করলেও এটি একটি স্পর্শকাতর ঘটনায় হওয়ায় পাঁচ জন চিকিৎসকের দল রোমেছার ময়নাতদন্ত করেছে। আগামী রোববার লিখিতভাবে ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়ার কথা জানিয়ে মুকুল মামলার স্বার্থে এ বিষয়ে আপাতত কোনো মন্তব্য করবেন না বলে জানান। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই নিমাই কুমার দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরবর্তীতে মাহমুদা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্যে আদালতে রিমান্ডের আবেদন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২৩৪৪ ঘ.