২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পৌরকর বাকি, তাই মেলেনি জলাতঙ্কের ওষুধ’

পৌরকর বাকি থাকায় একটি শিশুকে জলাতঙ্কের প্রতিষেধক না দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের কাজিপুর পৌর মেয়রের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 01:53 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

সিরাজগঞ্জ, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরকর বাকি থাকায় একটি শিশুকে জলাতঙ্কের প্রতিষেধক না দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের কাজিপুর পৌর মেয়রের বিরুদ্ধে। পরে বাজার থেকে প্রতিষেধক কিনে শিশু ফাইমের (৪) চিকিৎসা করছে বলে তার পরিবারের সদস্যরা জানান। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে পৌর কার্যালয়ের সামনে কয়েকশ’ এলাকাবাসী বিক্ষোভ করেছে। ফাইম পৌর এলাকার পলাশবাড়ি গ্রামের ফজলার রহমান তালুকদারের ছেলে। ফজলার রহমান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকালে বাড়ির পাশে খেলা করার সময় ফাইমের পায়ে কামড় দিয়েছে কুকুর। এরপর পৌরসভায় প্রতিষেধক নিতে গেলে ওষুধ না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, “বাড়ির বাকি থাকা খাজনা ও ট্যাক্স পরিশোধ না করা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া যাবে না বলে জানিয়ে দেন মেয়র আব্দুস সালাম।” অভিযোগ অস্বীকার করে কাজিপুর পৌর মেয়র আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আক্রান্ত শিশুর পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে ওষুধ চাওয়া হলেও লিখিত আবেদন না করায় দেওয়া হয়নি।” তিনি আরো বলেন, পৌরকর পরিশোধ না করলে ওষুধ দেওয়া হবে না বলা হয়নি। তবে শিশুর বাবা ফজলার রহমানকে পৌরকর পরিশোধের তাগিদ দেওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৪৪ ঘ.