২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে শান্তিপূর্ণ হরতাল পালিত

অপহৃত পাঁচ জেলে উদ্ধার ও গ্রেপ্তার ১৬ জনের মুক্তির দাবিতে বাঙালিদের কয়েকটি সংগঠন বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল করেছে রাঙামাটিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

রাঙামাটি, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহৃত পাঁচ জেলে উদ্ধার ও গ্রেপ্তার ১৬ জনের মুক্তির দাবিতে বাঙালিদের কয়েকটি সংগঠন বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল করেছে রাঙামাটিতে। সংগঠনগুলো হল- পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, সম-অধিকার ছাত্র আন্দোলন ও বরকল উপজেলা বাঙালি জনকল্যাণ সমিতি। কোতোয়ালি থানার ওসি সাইফুল আলম চৌধুরী বলেন, রাঙামাটি শহরে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতাল চলাকালে দূরপাল্লার ও অভ্যন্তরীণ কোনো যানবাহন চলাচল করেনি। জেলা শহর থেকে নৌপথে যাত্রীবাহী লঞ্চ ছাড়েনি। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। তিনি বলেন, শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে হরতাল সমর্থনকদের পিকেটিং করতে দেখা গেছে। তবে বিভিন্ন স্থনে কড়া পুলিশ টহল ছিল। পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের জেলা আহ্বায়ক পেয়ার আহম্মদ খান বলেন, স্বতস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। গত ৪ ডিসেম্বর বরকলের ছোট হরিণার তাগলগবাগে সীমান্তের জিরো পয়েন্টে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা পাঁচ বাঙালি জেলেকে অপহরণ করে। এর প্রতিবাদে গত ১ জানুয়ারি শহরে বিক্ষোভ-মিছিল থেকে জেলা প্রশাসক কার্যালয় ভাংচুর এবং পুলিশের ওপর হামলা হয়। ওই ঘটনায় পুলিশ ১৬ বাঙালিকে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৭ ঘ.