২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠি পৌরসভা: ভোট পুনর্গণনার আদেশ স্থগিত

ঝালকাঠি পৌরসভার নির্বাচনে ১৮ কেন্দ্রের ভোট পুনর্গণনার আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠি পৌরসভার নির্বাচনে ১৮ কেন্দ্রের ভোট পুনর্গণনার আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। পৌরসভার মেয়র মো. আফজাল হোসেনের এক রিট আবেদনে বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। ভোট গণনার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছে আদালত। স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঝালকাঠি জেলা নির্বাচনি কর্তকর্তা, ঝালকাঠি নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল ও নির্বাচনী ট্রাইব্যুনাল এবং ওই নির্বাচনের পরাজিত প্রার্থী লিয়াকত হোসেনকে আগামী ৩ সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। গত ২৪ মার্চ ঝালকাঠি পৌরসভার নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন আট হাজার ৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিয়াকত হোসেন পান ছয় হাজার ২৩৭ ভোট। আফজাল ২ এপ্রিল মেয়র হিসাবে শপথ নেওয়ার পর লিয়াকত নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ঝালকাঠির নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনাল ১ নভেম্বর ১৮টি কেন্দ্রের ভোট আবার গণনার নির্দেশ দেয়। এই আদেশের বিরুদ্ধে মেয়র মো. আফজাল হোসেন আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। ২৯ নভেম্বর আপিল ট্রাইব্যুনাল ওই আবেদন খারিজ করে ভোট গণনার আদেশ বহাল রাখে। এই আদেশের পর বৃহস্পতিবার সকালে হাইকোর্টে রিট করেন আফজাল। রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ শুনানিতে বলেন, পৌরসভার নির্বাচনী আইনে এভাবে ভোট গণনার আদেশ দেওয়ার কোনো বিধান নাই। এছাড়া ট্রাইব্যুনালের মামলায় ১১টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ করা হলেও আদেশে ১৮টি কেন্দ্রের ভোট গণনা করতে বলা হয়, যা সম্পূর্ণ বেআইনি। আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী। সরকার পক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/জেকে/১৬৪৩ ঘ.