নরসিংদী, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার কাজী আলম জামিনে মুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ মো. শাহজাহান জামিনের আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল বাছেদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আদালত জামিন মঞ্জুরের পর বিকাল সাড়ে ৪টায় কাজী আলম জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
গত ১ নভেম্বর রাতে পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন দলীয় কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হওয়ার পর ২৯ নভেম্বর শহরের সাটিরপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় কাজী আলমকে। দু’দফায় ১২ দিন জিজ্ঞাসাবাদ শেষে ১১ ডিসেম্বর আদালত তাকে জেলা হাজতে পাঠায়।
মেয়র লোকমানের ছোট ভাই কামরুজ্জামান ১৪ জনকে আসামি করে যে হত্যা মামলাটি দায়ের করেন তাতে কাজী আলমের নাম নেই। তিনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোবারক হোসেন মোবার ছোট বোনের স্বামী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭২৩ ঘ.
bdnews24