রংপুর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র জোটের মিছিলে সরকার সমর্থক ছাত্রলীগ হামলা চালানোর পর দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।
শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে বামপন্থী সংগঠনগুলোর জোট মিছিল বের করলে ছাত্রলীগ হামলা চালায় এবং এরপরই সংঘর্ষ বেঁধে যায়।
আহতদের মধ্যে চার জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা সাংবাদিকদের জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট ক্যাম্পাসে মিছিল শেষে একাডেমিক ভবনের সামনে সমাবেশ করে।
সমাবেশে নেতারা বলেন, গত বছর ভর্তি ফি ছিল ৬ হাজার টাকা। এবার তা বাড়িয়ে সাড়ে ৭ হাজার টাকা করা হয়েছে। বাড়তি দেড় হাজার টাকা কমানো না হলে আন্দোলনের ঘোষণা দেন ছাত্রনেতারা।
বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকেই নতুন শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে।
ছাত্রজোটের সমাবেশ শেষ হওয়ার ঠিক আগে ছাত্রলীগ একাডেমিক ভবনের পাশ থেকে মিছিল নিয়ে হামলা চালায় বলে শিক্ষার্থীরা জানায়। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে দুপুর সোয়া ১টার দিকে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রংপুর জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ব্যানার কেড়ে নিয়ে তাতে আগুনও ধরিয়ে দেয় ছাত্রলীগকর্মীরা।
ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক উজ্জ্বল কুমার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক উৎপল রায়, সদস্য সচিব আহসান হাবিব, যুগ্ম আহবায়ক কৃষ্ণসহ অন্তত ১৫ জন আহত হন বলে জুয়েল জানান। রেন জুয়েল।
তবে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা শিশির সংঘর্ষের জন্য প্রগতিশীল ছাত্রজোটকেই দায়ী করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোরশেদ হোসেনও সংঘাতের জন্য প্রগতিশীল ছাত্রজোটকে দায়ী করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৬৪১ ঘ.
bdnews24