ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজির দাম অপরিবর্তিত থাকায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহন ভাড়া আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর রাখতে পরিবহন মালিকদের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ নির্দেশ দেন।
গত মাসে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর তেলে চলা দূরপাল্লার বাস ভাড়া বাড়ায় সরকার। তবে মহানগরীতে চলাচলরত গাড়ির প্রায় সব চলে সিএনজিতে, যার দাম এখনো বাড়ানো হয়নি।
মন্ত্রী বলেন, “সিএনজিচালিত পরিবহনের ভাড়া এখনো ভাড়ানো হয়নি। তাই এই ভাড়া যেন বাড়ানো না নয়।”
যাত্রী সাধারণের চাহিদা বিবেচনায় মহানগরীর জন্য নতুন করে বাস রুট পরিকল্পনা তৈরি করতে বিআরটিসিকে নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী।
স্কুল ও কলেজগুলোতে শিক্ষার্থী এবং অভিভাবকদের পরিবহনের সুবিধায় বিআরটিসির স্কুলবাস সার্ভিস আরো বিস্তৃত করা জরুরি বলে মত দেন ওবায়দুল কাদের।
বিআরটিসির কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সম্পদ এবং করের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কোনও ধরনের অস্বচ্ছতা এবং অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না।
বিআরটিসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর এম এম ইকবালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
বিআরটিসি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় ২৯০টি নন-এসি ডাবলডেকার, ১০০টি এসি ডাবলডেকার এবং ৫০টি আর্টিকুলেটেড বাস আনা হচ্ছে। যার বড় একটি অংশ আগামী মার্চ মাসে বিআরটিসির বহরে যুক্ত হবে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর চীন থেকে ২৭৫টি সিএনজি চালিত বাস সংগ্রহ করে। এছাড়া কোরিয়া থেকে আনে ১৫০টি এসি এবং ১০৫টি নন-এসি বাস।
এসব বাস ঢাকা মহানগরী ছাড়াও দেশের বিভিন্ন রুটে চলাচল করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৭১৮ ঘ.
bdnews24