২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেশিনে ভোট দেওয়া অনেক সহজ’

দেশের সবচেয়ে ছোট সিটি কর্পোরেশন কুমিল্লার প্রথম নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতিই বেশি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দিয়ে উচ্ছ্বাসও ঝরেছে তাদের কণ্ঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 03:15 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

কুমিল্লা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে ছোট সিটি কর্পোরেশন কুমিল্লার প্রথম নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতিই বেশি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দিয়ে উচ্ছ্বাসও ঝরেছে তাদের কণ্ঠে। রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হয়। নির্বিঘেœ ভোটদানের সব ব্যবস্থাই নির্বাচন কমিশন নিয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনে অংশ নেবেন ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন ভোটার, যাদের মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ১৯৯ জন, আর নারী ৮৬ হাজার ৭৪ জন। অর্থাৎ পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা প্রায় ৩ হাজার বেশি। সকালে শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেল উপস্থিতিতেও নারীরা এগিয়ে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও বাড়তে থাকে। পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে যান। এ কেন্দ্রে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভোট চলছে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তরা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রেও দেখা গেল দীর্ঘ লাইন। আর পুরুষদের চেয়ে নারীদের লাইনেই উপস্থিতি বেশি দেখা গেল। নায়ের দিঘীর পাড়ের শৈলরাণী দেবী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও চিত্রও মোটামুটি একই রকম। নির্বাচন উপলক্ষে কুমিল্লায় সাধারণ ছুটি ঘোষণা করা রয়েছে। ভোটের ফল ঘোষণার জন্য যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে কুমিল্লার টাউন হলে। ৮ নম্বর ওয়ার্ডের কুমিল্লা মডার্ন স্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা গাজী আল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সময়মতোই ভোট শুরু করতে পেরেছি। নতুন প্রযুক্তিতে ভোট হলেও কোনো সমস্যা হয়নি। সব প্রার্থীর এজেন্টরাও কেন্দ্রে আছেন।” দেশে এবারই প্রথম কোনো সিটি কর্পোরেশনের সব ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হচ্ছে। নতুন প্রযুক্তিতে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নারী ভোটাররাও। শৈলরাণী দেবী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর গৃহবধূ রুমি আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেশিনে ভোট দেওয়া অনেক সোজা।” শহরের উত্তর চতরার বাসিন্দা দুলালী ও মমতাজও ইভিএম-এ ভোট দিয়ে হাসিমুখে বেরিয়ে আসেন একই কেন্দ্র থেকে। দুলালী বলেন, “শুরুতে একটু ভয় থাকলেও ভোট দিয়ে অনেক আরাম হয়েছে।” নির্বাচনের আগেই ইভিএম-এ ভোট দেওয়ার পদ্ধতি জেনে নিয়েছেন বলে জানান তিনি। কুমিল্লা নির্বাচনে ইভিএম ব্যবহারের সব ধরনের কাজের সমন্বয় করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইসিটি) পরিচালক অধ্যাপক লুৎফুল কবীর। তিনি আশা করছেন, ইভিএম নিয়ে ব্যাপক প্রচারণা ও মহড়া হওয়ায় এবার শতভাগ সফলতা আসবে। রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বাতেন জানান, ২৭টি ওয়ার্ডে ৬৫টি ভোট কেন্দ্রে ৪২১টি ভোট কক্ষে ভোট চলছে কুমিল্লায়। এই নির্বাচনে মেয়র পদে নয় জন, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা আসনে ৩০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমএইচসি/জেকে/০৯১০ ঘ.