ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় পা হারানো দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক নিখিল ভদ্রের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে।
বুধবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রণালয়ের সভাকক্ষে নিখিলের স্ত্রী শাকিলা পারভীন রুমার কাছে ৫ লাখ টাকার চেক তুলে দেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকার একটি চেকও দেওয়া হয় তাকে।
নিখিলকে আরো সহযোগিতার অশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, কৃত্রিম পা সংযোজন ও পরিবারকে পুনর্বাসন করতে সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় নিখিলের ভাই মানিক ভদ্রও উপস্থিত ছিলেন।
গত ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বিআরটিসির একটি বাসের ধাক্কায় আহত হন কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নিখিল। তার ডান পা গোড়ালি থেকে কেটে ফেলতে হয়েছে। তিনি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
নিখিলের দুর্ঘটনা নিয়ে যোগাযোগ মন্ত্রণালয় একটি কমিটিও করে। কমিটি নিখিলের পা হারানোর জন্য বাসচালককে দায়ী করে প্রতিবেদন দিয়েছে।
তদন্ত কমিটি নিখিলকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ পাঠানো এবং কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করার সুপারিশও করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএম/১৮৩০ ঘ.
bdnews24