২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট: ৩ তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষ

২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় তিন তদন্ত কর্মকর্তার অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 12:06 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় তিন তদন্ত কর্মকর্তার অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়েছে। বুধবার নাজিম উদ্দিন সড়কে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ এজলাসে তিন কর্মকর্তার শুনানি শেষ হওয়ার পর শুরু হয়েছে অন্য আসামি আবু জান্দালের অব্যাহতির আবেদনের শুনানি। আবু জান্দালের আবেদনের শুনানি শেষ হওয়ার আগেই বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ১০ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে নিযুক্ত অন্যতম কৌঁসুলি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে ২১ আসামির অব্যাহতির আবেদনের শুনানি শেষ হলো। তিন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন, মুন্সী আতিকুর রহমান ও আবদুর রশিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুস সোবহান তরফদার। সিআইডির এই তিন কর্মকর্তার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগও রয়েছে। আবু জান্দালের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট মীর সিরাজুল ইসলাম। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং বহু আহত হন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এর সাজানো তদন্ত হয়েছিলো বলে অভিযোগ ওঠে। বেশ কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে হত্যা ও বিস্ফোরকের দুই মামলায় হুজি নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। এরপর বর্তমান সরকার আমলে অধিকতর তদন্তে আসামির তালিকায় যোগ হয় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ আরো ৩০ জন। গত বছরের ৩ জুলাই সম্পূরক অভিযোগপত্র দেওয়ার পর ৯ অক্টোবর আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। এই মামলার মোট ৫২ আসমির মধ্যে তারেকসহ ১৯ জনকে পলাতক দেখিয়ে বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮০০ ঘ.