নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের চাষাঢ়ায় হকার্স মার্কেটে আগুনে কমপক্ষে ৩২টি দোকান পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ৩টার দিকে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। শহরের মল্লপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সবুজ নামের এক যুবক আহত হন।
হকার্স মার্কেটের সভাপতি নজরুল ইসলাম দাবি করেন, আগুনে মার্কেটের ৩২টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৪-২৫ লাখ টাকা।
ওই মার্কেটে চারশ’ দোকান রয়েছে। অগ্নিকাণ্ডের সময় সবগুলো দোকান বন্ধ ছিলো।
মার্কেটের তৈরি পোষাক বিক্রেতা শাহীন মিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকা-ের সময়ে মার্কেটের চারশ’ দোকানই তালাবদ্ধ ছিলো।
অবশ্য দমকল কর্মকর্তা সাইফুল জানিয়েছেন, মার্কেটের ৭ থেকে ৮টি দোকান পুড়েছে। ক্ষয়ক্ষতি ৪ লাখ টাকার বেশি হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬১৭ ঘ.
bdnews24