২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে হাসনরাজা লোক উৎসব শুরু

মরমী কবি হাসন রাজার ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সুনামগঞ্জে শুরু হয়েছে হাসনরাজা লোক উৎসব। চলবে শনিবার পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 05:46 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

সুনামগঞ্জ, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মরমী কবি হাসন রাজার ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সুনামগঞ্জে শুরু হয়েছে হাসনরাজা লোক উৎসব। চলবে শনিবার পর্যন্ত। বিকাল সাড়ে ৫টায় শহরের জুবিরী স্কুল সংলগ্ন বালুর মাঠে স্থানীয় শিল্পীদের সমবেত কণ্ঠে ‘বাউলা কে বানাইলোরে’ এবং ‘লোকে বলে বলেরে’ গানের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। এর আগে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মতিউর রহমান। হাসন রাজা পরিষদের উদ্যোগে এ উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংক। উৎসব শুরুর দিন থেকেই হাসন রাজার জীবন ও দর্শন নিয়ে আলোচনার পাশাপাশি জাতীয় ও স্থানীয় শিল্পীরা বাউল গান পরিবেশন করছেন। প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কামাল লোহানী, সাংবাদিক সালেহ চৌধুরী, গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে কামাল লোহানী বলেন, আমাদের সরকারগুলো সংস্কৃতিতে হাসন রাজার মতো মনীষীদের নিয়ে কাজ করছে না। “বেসরকারিভাবে কিছু কাজ হলেও সেসবের যথার্থ মূল্যায়ন হচ্ছে না। তাই এসব মনীষীর উত্তরাধিকারগুলো আমাদের চর্চা করতে হবে। ছড়িয়ে দিতে হবে বিশ্বব্যাপী।” শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে হাসন রাজার গান ও জীবন দর্শন নিয়ে আলোচনা করবেন শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, ড. তপন বাগচি, ড. আব্দুল ওয়াহাব, শিল্পী হ্যারল্ড রশীদ প্রমুখ। বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী হাসন রাজা। সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষ্মণছিরি (লক্ষ্মণশ্রী) পরগণার তেঘরিয়া গ্রামে ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর (৭ পৌষ ১২৬১) জন্ম হয় হাসন রাজা নামে পরিচিত দেওয়ান হাসন রাজার। হাসন রাজা জমিদার পরিবারের সন্তান। তার বাবা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজা তার তৃতীয় পুত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৩২ ঘ.