ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নির্মাণাধীন হোটেলের আট তলা থেকে পড়ে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
এর হলেন, মো. আলমগীরের (২৮) ও গাজিউল হক (২৭)। তাদের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানায়। আবুধাবিতে স্কয়ার জেনারেল কনস্ট্রাকশন কোম্পানির হয়ে কাজ করতেন তারা।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর লতিফুল হক কাজমী জানান, সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে হামদান স্ট্রিটে একটি নির্মাণাধীন হোটেলের অষ্টম তলায় ঝুলন্ত কাঠের তক্তায় দাঁড়িয়ে কাজ করছিলেন তারা। এক পর্যায়ে নির্মাণ সামগ্রীর ভারে তার ছিঁড়ে গেলে তারা নিচে পড়ে যান।
এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্যজনও।
লতিফুল হক কাজমী বলেন, “ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে বুধবার প্রতিবেদন দেওয়ার কথা। এরপর আদালতের নির্দেশনা পেলেই তাদের লাশ দেশে পাঠানো হবে।”
হামদান স্ট্রিটে আল মারিয়া মল ও সিনেমা কমপ্লেক্সের উল্টো দিকে নির্মাণাধীন ভবনটিতে ওই দুর্ঘটনার পর শত শত মানুষ সেখানে ভিড় করে। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
এদিকে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, তার ছিঁড়ে নিচে পড়া তক্তার আঘাতে আশরাফ নামে আরেক বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন। তাকে শেখ খলিফা মেডিকেল সিটি কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত দুই শ্রমিকের জন্য ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে বলেও লেবার কাউন্সিলর কাজমী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/১২৩০ ঘ.
bdnews24