২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লোকসংস্কৃতি উৎসব

বাংলার মৌলিক সংস্কৃতি তুলে ধরতে চট্টগ্রামে শুক্রবার শুরু হচ্ছে দুইদিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলার মৌলিক সংস্কৃতি তুলে ধরতে চট্টগ্রামে শুক্রবার শুরু হচ্ছে দুইদিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব। বিকাল সাড়ে ৩টায় ডিসি হিলে ড. তপন সরকার ও তার সহশিল্পীদের পাখোয়াজ বাদনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হবে। এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। চট্টগ্রামের সমাজ, সংস্কৃতি ও অর্থনীতি বিষয়ক সংগঠন ‘সমাজ সমীক্ষা সংঘ’ ‘প্রাণে বাজুক প্রাণের সুর’ এ শ্লোগান নিয়ে তৃতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করেছে। বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লোক সংস্কৃতি উৎসব প্রস্তুতি কমিটির চেয়ারম্যান প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, আকাশ সংস্কৃতির আগ্রাসনের যুগে বাংলার মৌলিক লোক সংস্কৃতি তুলে ধরার চিন্তা থেকে এ উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক। এ ছাড়াও আলোচনায় অংশ নেবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন। আয়োজকরা জানিয়েছে, উৎসবে চট্টগ্রামের প্রথম নারী নাট্যকর্মী শহীদজায়া বেগম মনি ইমাম এবং চট্টগ্রামের লোকগানের গীতিকার ও সুরকার এম এন আখতারকে ড. রশীদ আল ফারুকী সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে লালন সংগীত, মাইজভাণ্ডারী, ভাওয়াইয়া ও পল্লীগীতি ছাড়াও হাছন রাজা, শাহ আবদুল করিম, রাধারমন, শচীন দেব বর্মনের গান পরিবেশন করবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা লোকশিল্পী ও সাংস্কৃতিক দল। চট্টগ্রামের আঞ্চলিক গানও গাওয়া হবে। এছাড়া মণিপুরী মৃদঙ্গ নৃত্য ও খাগড়াছড়ির গিরিনৃত্য সংগঠন পরিবেশন করবে আদিবাসী নৃত্য। পরে উৎসব উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও আঞ্চলিক গানের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হবে। উৎসবের মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বৈশাখী টেলিভিশন ও রেডিও টুডে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/আরএ/১৫৫৬ ঘ.