রংপুর/নাটোর, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। নাটোরের বড়াইগ্রামে ট্রাক উল্টে নিহত হয়েছেন দুই পান ব্যবসায়ী।
রংপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক দুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে পীরগঞ্জ উপজেলার কলাবাগান এলাকায় একটি বাস খাদে পড়ে যায়। এতে তিনজন নিহত এবং ১০ যাত্রী আহত হন।
তিনি বলেন, ঢাকা থেকে নীলফামারীগামী ঋষি পরিবহনের বাসটি কলাবাগান এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো একজন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ঘন কুয়াশার মধ্যে চালক বেপরোয়াভাবে গাড়ি চলানোর কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বরে দুরুল হকের ধারণা।
এদিকে ভোর ৫টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি ট্রাক উল্টে নিহত হয়েছেন দুই পান ব্যবসায়ী।
নিহতরা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বাউলিকান্দি গ্রামের রণজিত বিশ্বাস (৫০) ও একই গ্রামের দুলাল চন্দ্র (৪৫)।
বনপাড়া মহাসড়ক থানার ওসি দ্বীন-ই-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যশোর থেকে পান নিয়ে ট্রাকটি ঢাকা যাচ্ছিল। ভোরে বড়াইগ্রাম উপজেলার আইড়মারা এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রাকের ওপরে থাকা দুই জন ঘটনাস্থলেই মারা যান।
ওসি বলেন, ট্রাকের চালক ও সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৫০ ঘ.
bdnews24