২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বন্ধুর সঙ্গে অভিমান করে’ আত্মহত্যার চেষ্টা

বন্ধুর সঙ্গে অভিমান করে বরিশালে এক যুবক শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ওই বন্ধু জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 06:23 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

বরিশাল, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধুর সঙ্গে অভিমান করে বরিশালে এক যুবক শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ওই বন্ধু জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ডিসি ঘাটের কাছে সিটি হকার্স মার্কেটে এ ঘটনায় মো. নাঈম (২০) গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গিয়ে তার বন্ধু সেলিমও (২০) দগ্ধ হন। নাঈমকে ঢাকায় পাঠানো হয়েছে। সেলিমকে ভর্তি করা হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। নাঈম নগরীর বাংলাবাজার এলাকার আলী হোসনের ছেলে। সেলিম সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট এলাকার একটি স্টেশনারি দোকানের মালিক। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দাস রনবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাঈমের শরীরের ৯৫ ভাগ পুড়ে গেছে, অবস্থা আশংকাজনক। তার শরীরে দাহ্য পদার্থ পাওয়া গেছে। ঘটনার বর্ণনা দিয়ে নাঈমের বন্ধু সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাঈম তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। কয়েকদিন আগে ভাটারখাল এলাকার ভাইয়া সুমন নামে এক মাদাকসেবীর সঙ্গে সখ্যতা গড়ে ওঠায় নাঈম মাদক সেবন করতে শুরু করে। এতে বাধা দিয়েও কোনো কাজ হয়নি। তাই নাঈমের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন সেলিম। সেলিম আরো বলেন, সন্ধ্যায় নাঈমকে দেখে কথা না বলে চলে যাওয়ার সময় নাঈম তার পথরোধ করে এর কারণ জানতে চান। সেলিম তাকে জানান ভাইয়া সুমনের সঙ্গ না ছাড়লে কথা বলবে না। এ কথা শুনেই নাঈম নিজের শরীরে আগুন ধরিয়ে দেন, বলেন সেলিম। আগুন নেভাতে গিয়ে তিনি নিজেও দগ্ধ হন বলে জানান সেলিম। নাঈমের ভাই মো. জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই কথা বলতে পারছে না। তাই কী ঘটেছে বলতে পারছি না।” কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ঘটনার পর সুমন ওরফে ভাইয়া সুমনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। প্রকৃত কি ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/০০০০ ঘ.