দিনাজপুর, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর প্রেসক্লাব ভবন দখলের অভিযোগে ভূমি প্রতিমন্ত্রীর এপিএস মির্জা আশফাক হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার বেলা ১১টা থেকে একঘণ্টার মানববন্ধনে দিনাজপুরে কর্মরত বিভিন্ন স্থানীয় এবং জাতীয় সংবাদ মাধ্যমকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল বলেন, “দিনাজপুর প্রেসক্লাবের নামে ইজারা নেওয়া ক্লাবের পুরাতন ভবন অবৈধভাবে দখলে নেতৃত্ব দেন আশফাক।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মির্জা আশফাক দৈনিক সংগ্রাম, নয়াদিগন্ত, এনটিভি , দিগন্ত টিভি, ফ্রিডম পার্টির সাবেক উপদেষ্টা মোহাম্মদ মহসীন ও কিছু স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সঙ্গে আঁতাত করে পাল্টা প্রেসক্লাব গঠনের ষড়যন্ত্র করছেন।
সমাবেশের বক্তারা ক্ষমতার অপব্যাবহার করে সাংবাদিকদের হুমকি ও হয়রানি করার অভিযোগও আনেন আশফাকের বিরুদ্ধে।
বিএফইউজে’র সহ-সভাপতি ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ জানান, দিনাজপুর প্রেসক্লাবের পুরাতন ভবন অবৈধ দখল করার অভিযোগ এনে মির্জা আশফাকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় গত ১৩ ডিসেম্বর সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল অভিযোগ করলেও পুলিশ নিশ্চুপ রয়েছে।
আগামী ৩ দিনের মধ্যে দিনাজপুর প্রেসক্লাবের পুরাতন ভবন দখলমুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে প্রশাসনকে এ এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে অন্যা মধ্যে বক্তব্য দেন- বিএফইউজে’র নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল ও রতন সিং, প্রবীণ সাংবাদিক আ হ ম আব্দুল বারী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের আহবায়ক আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর টিভি রিপোর্টাস ইউনিটির আহবায়ক সুব্রত মজুমদার ডলার, সদস্য সচিব শাহ আলম শাহী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জিন্নাত হোসেন ও সদস্য সচিব রফিকুল ইসলাম ফুলাল।
অভিযোগ অস্বীকার করে মির্জা আশফাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রেসক্লাবের পুরাতন ভবন স্থানীয় পত্রিকার সম্পাদকদের গঠিত ‘সম্পাদক পরিষদ’ দখলে নিয়েছে। আমি করিনি।”
তবে তিনি ওই পরিষদের একজন সদস্য বলে জানান।
আশফাক আরো বলেন, “সাংসদ ইকবালুর রহিমের পরামর্শে ও নির্দেশে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের ব্যবহার করে আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে ষড়যন্ত্র করছেন।”
“ইকবালুর রহিমের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায়। আগামীতে নেত্রী তাকে মনোনয়ন দেবেন না। আমাকে দেওয়ার সম্ভাবনা আছে। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে,” যোগ করেন তিনি।
আশফাক বর্তমানে দিনাজপুর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং স্থানীয় একটি সাপ্তাহিকের সম্পাদক।
এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ সাংসদ ইকবালুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাংবাদিকদের অভ্যন্তরীণ ব্যাপারে আমার নাম ব্যবহারের কারণ আমার জানা নেই।”
পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে আশফাকের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ইকবাল বলেন, “কোনো মন্তব্য করতে রাজি নই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩২৯ ঘ.
bdnews24