চট্টগ্রাম, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীর মোহনার পতেঙ্গা অংশে সুড়ঙ্গ পথ নির্মাণে একমত হয়েছে সমন্বয় কমিটি।
মঙ্গলবার কমিটির সভা শেষে চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষের (সিডিএ) প্রধান নগর পরিকল্পনাবিদ সরওয়ার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এ বছরের জুন মাসের মধ্যে পরামর্শক প্রতিষ্ঠান টানেল নির্মাণের বিষয়ে চূড়ান্ত সমীক্ষা প্রতিবেদন জমা দেবে বলে জানান তিনি।
সরওয়ার বলেন, “কর্ণফুলী নদীর মোহনায় পতেঙ্গা এলাকা, সিমেন্ট ক্রসিং ও নিমতলা এ তিনটি স্থানের বিষয়ে সভায় আলোচনা হয়।
“তবে পতেঙ্গার বিষয়ে যুক্তি উপস্থাপনের পর সবাই এ বিষয়ে একমত হয়।”
তিন কিলোমিটার দীর্ঘ টানেলের দুই পাশে দেড় কিলোমিটার করে আরো তিন কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এ প্রকল্পে মোট ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে প্রাথমিক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে।
কর্ণফুলীর নদীর তলদেশে এ টানেল নির্মাণে পাঁচ বছর সময় লাগবে বলে জানিয়েছে পরামর্শক প্রতিষ্ঠান।
সিডিএ’র নগর পরিকল্পানবিদ মো. জহির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পতেঙ্গায় কর্ণফুলীর মোহনায় টানেল নির্মাণ করলে টানেলে চলাচলকারী যানবাহন দক্ষিণ চট্টগ্রাম হয়ে পতেঙ্গা বেড়িবাঁধ ধরে সাগরিকায় গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠতে পারবে।
চট্টগ্রাম সার্কিট হাউজে সেতু বিভাগের সচিব আনোয়ারুল আজিমের সভাপতিত্বে দুপুরে সমন্বয় কমিটির সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহমদ, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোখতার আলম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) খান মোহাম্মদ ইউসুফ, সড়ক ও জনপথ বিভাগ এবং রেলওয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্রিজ অথরিটির তত্ত্বাবধানে চীনা প্রতিষ্ঠান ফোর সি এবং হংকংয়ের ‘অরুণ’ নামের দুটি প্রতিষ্ঠান এ প্রকল্পে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে।
গত ২২ সেপ্টেম্বর সমন্বয় কমিটির সভায় সম্ভাব্যতা যাচাইকারী প্রতিষ্ঠান ফোর সি নগরীর নিমতলা পোর্ট কানেকটিং সংযোগ সড়ক এলাকায় টানেল নির্মাণের প্রস্তাব করে।
ওই সভায় সিডিএ ও চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষ ওই স্থানে টানেল নির্মাণের বিরুদ্ধে মত দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/১৯৫৮ ঘ.
bdnews24