২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আনসার-গ্রামবাসী সংঘর্ষ

কক্সবাজার শহরের কলাতলি এলাকায় মঙ্গলবার একটি আবাসন কোম্পানিতে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে গ্রামবাসীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

কক্সবাজার, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরের কলাতলি এলাকায় মঙ্গলবার একটি আবাসন কোম্পানিতে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে গ্রামবাসীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাস্তায় আরএফ বিল্ডার্স নামের ওই আবাসন কোম্পানির বৈদ্যুতিক খুঁটি পোঁতা নিয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে কয়েক দফায় তিন ঘণ্টার এ সংঘর্ষ চলে। পুলিশ বলছে আনসারের হামলায় পাঁচ গ্রামবাসী এবং আবাসন কর্তৃপক্ষের দাবি এলাকাবাসীর হামলায় তাদের আটজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় আনসার সদস্যরা ফাঁকা গুলিবর্ষণ করেছে। তবে এতে কেউ আহত হয়নি। এ ঘটনার জেরে এলাকাবাসী একঘণ্টা সড়ক অবরোধ করেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, কলাতলি এলাকায় বাইপাস সড়কের কাছে আরএফ বিল্ডার্স বহুতল বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ করছে। সকালে তাদের প্রকল্পের পাশ দিয়ে যাওয়া একটি কাঁচা রাস্তায় ওই কোম্পানির লোকজন বৈদ্যুতিক খুঁটি বসাতে গেলে গ্রামবাসী উত্তেজিত হয়ে ওঠে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আরএফ বিল্ডার্সে দায়িত্বরত আনসার সদস্যরা গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি জানান, আনসার সদস্যদের হামলায় আহত হন গ্রামবাসী নুরুল আনোয়ার (৩৫), আনোয়ারা বেগম (৪০), খতিজা বেগম (৪৫), জালাল আহমদ (৩৬) ও নাছির উদ্দিন (৩২)। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন আনসার সদস্য সংঘর্ষের সময় ফাঁকা গুলিবর্ষণ করেছে জানিয়ে পুলিশ পরিদর্শক বলেন, “তবে ওই ঘটনায় কেউ আহত হয়নি।” পুলিশ কর্মকর্তা আরো জানান, আরএফ বিল্ডার্স বিরোধপূর্ণ সড়কে স্থাপিত বৈদ্যুতিক খুঁটিটি সরানো এবং বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হয়। বিকালে তিনি জানান, এ ব্যাপারে এখনো কোনো পক্ষ মামলা করেনি। স্থানীয় আবদুর রহমান ও কলিম উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রামবাসীর ওপর ভূমিদস্যুদের হামলার প্রতিবাদে কমপক্ষে এক ঘন্টা কক্সবাজার-চট্টগ্রাম বাইপাস সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। এ ব্যাপারে আরএফ বিল্ডার্সের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ মাহবুবুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তুচ্ছ বিষয় নিয়ে কলাতলির পুরুষ ও মহিলারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তার দাবি, প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ভাংচুর ও রডসহ বিভিন্ন মালামাল লুট করেছে এলাকাবাসী। মাহবুবুর আরো জানান, গ্রামবাসীদের হামলায় আরএফ বিল্ডার্সের জমির মূল মালিক মো. শফি আলম (৪৮), রশিদ আহম্মদ (৩২), ছৈয়দ আহম্মদ (৩৮), হোসাইন (৩৫), গিয়াস উদ্দিন (৪০), নিরাপত্তাকর্মী আজাদ (৩৮), মনির (২৮) ও ইসমাইল (৩৭) আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/এমএইচপি/