প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সাত বছর পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়িত্ব পেয়েছেন দুর্নীতি দমন ব্যুরোর ৫৬ জন কর্মকর্তা-কর্মচারী। তবে বিভাগীয় মামলা ও অন্যান্য অভিযোগ থাকায় বাকি সাত জন বাদ পড়েছেন।
২০০৪ সালের ২১ নভেম্বর দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়। তখন থেকে এসব কর্মকর্তা-কর্মচারী ব্যুরোর ‘অবহাল’ জনবল হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত ছিলেন।
ওই ৫৬ জনকে দুর্নীতি দমন কমিশনে বহাল করার সিদ্ধান্ত জানিয়ে দুর্নীতি দমন কমিশনের কমিশনার মুহাম্মদ সাহাবুদ্দিন চুপপু সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শূন্য পদ পূরণের পাশাপাশি দুর্নীতি দমনের ক্ষেত্রে ওই সব কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সপ্তাহের মধ্যেই এসব কর্মকর্তা-কর্মচারী কমিশনে যোগ দেবেন বলে জানান তিনি।
এই ৫৬ জন দুর্নীতি দমন কমিশনের আগের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর স্বেচ্ছাচারিতার শিকার হয়েছিলেন বলে দাবি করেন বর্তমান কমিশনার সাহাবুদ্দিন।
তিনি বলেন, “নিয়ম-নীতির তোয়াক্কা না করে তিনি ব্যুরোর অবহাল কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে কমিশনে জনবল নিয়োগ করেছিলেন।”
এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলের দুদক চেয়ারম্যান এবং সাবেক সেনাপ্রধান হাসান মশহুদের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার বাড়ি থেকে বলা হয়, উনি কারো সঙ্গেই কথা বলেন না।
হাসান মশহুদ মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ‘নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে’ উল্লেখ করে পদত্যাগ করেছিলেন।
দীর্ঘদিন কোনো কাজ না করে এসব কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা নেওয়ায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে মুহাম্মদ সাহাবুদ্দিন বলেন, “আগের কমিশন এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ায় এটা হয়েছে। বর্তমান কমিশন লক্ষ্য করেছে, এসব কর্মকর্তা-কর্মচারীর সার্ভিস রেকর্ড ভালো। দুদককে গতিশীল করতেই তাদের বহাল করা হয়েছে।”
ব্যুরো থেকে কমিশন
২০০৪ সালে কমিশন গঠন হওয়ার পর বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর ১ হাজার ৬ জন কর্মকর্তা-কর্মচারীকে কোনো পদে নিয়োগ না দিয়ে অতিরিক্ত জনবল হিসেবে ঘোষণা করা হয়। একইসঙ্গে বিলুপ্ত ব্যুরোর নামে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে তাদের বেতন-ভাতা দেওয়া শুরু হয়।
এরপর ২০০৫ সালের সেপ্টেম্বরে ৫০০ পদ সৃষ্টি করে ব্যুরোর ৭৪৩ জন কর্মকর্তা-কর্মচারীকে দুদকে বহাল করা হয়। বাকি ২৬৩ জনকে প্রত্যাহার করতে সরকারের কাছে চিঠি পাঠায় কমিশন।
হাসান মশহুদ চৌধুরী ২০০৮ সালের ২৪ ফেব্র“য়ারি ওই ২৬৩ জনের মধ্যে ১১৪ জনকে কমিশনে নিয়োগ দেন। বাকি ১৪৯ জনের মধ্যে বেশিরভাগ অবসরে যাওয়ায় অবশিষ্ট ছিলো ওই ৬৩ জন। তার মধ্যে ৫৬ জন নিয়োগ পেলেন এখন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএইচ/এমআই/২২৪৪ ঘ.
bdnews24