২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের হামলা, কুয়েট অনির্দিষ্টকাল বন্ধ

বার্ষিক ভোজে খাবার নিয়ে ছাত্রলীগকর্মীরা সাধারণ ছাত্রদের মারধরের পর উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

খুলনা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে রোববার বার্ষিক ভোজে নিুমানের খাবার নিয়ে প্রতিবাদ জানানো এক দল ছাত্রকে সোমবার ছাত্রলীগকর্মীদের মারধরের পর উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। হামলায় অন্তত ২০ জন ছাত্র এবং পুলিশ কর্মকর্তা ও শিক্ষকসহ পাঁচ জন আহত হয়। আহতদের ১১ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিকেও মারধর করে। মারধরের শিকার ও সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ বলেছে, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক শিবেন্দ্র শেখর হালদার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে।” তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের হল ছাড়তে বলা হয়। যাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। এরা হলেন- রাসেল, সঞ্জু সাহা, লেলিন, রাসেল, শুভ, সুজাত, মঞ্জু, আলাউদ্দিন, কমল, সেতু, আজাদ। এদের মধ্যে সঞ্জু সাহার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ। আহত আরও ১০ জন ছাত্র প্রাথমিক চিকিৎসা নেন। এছাড়া চার জন শিক্ষকও আহত হন। এরা হলেন- শাহরিয়ার, রফিকুল ইসলাম, তুষার ও মাসুদ হোসেন। হামলার প্রতিবাদে সাধারণ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাংচুর করে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। হলের ফটক আটকে মারধর খানজাহান আলী থানার ওসি হুমায়ূন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইংরেজি নববর্ষ উপলক্ষে অমর একুশে হলে রোববার রাতে বার্ষিক ভোজ আয়োজন করা হয়। ভোজে নিুমানের খাবার পরিবেশনের হয়েছে অভিযোগ তুলে হলের সাধারণ ছাত্ররা ডাইনিং রুমের বিভিন্ন মালামাল এবং তৈজসপত্র ভাংচুর করে এবং খাবার ফেলে দেয়।” তিনি বলেন, “ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক শিবেন্দ্র শেখর হালদারকে রাত ৩টা পর্যন্ত তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে।” ওসি বলেন, “ভাংচুর এবং খাবার ফেলে দেওয়ার খবর পেয়ে সোমবার দুপুর দেড়টার দিকে ছাত্রলীগের একটি গ্র“প বহিরাগতদের নিয়ে অমর একুশে হলের প্রধান ফটক আটকে দিয়ে হলের সাধারণ ছাত্রদের বেধড়ক মারপিট করে।” তিনি জানান, এ সময় হামলাকারীদের হাতে রামদা, কিরিচ ও লাঠি ছিল। বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের এক শিক্ষার্থী বলেন, “ছাত্রলীগের ছেলেরা বহিরাগতদের নিয়ে হলে হামলা চালিয়ে ছাত্রদের বেধড়ক মারধর করে।” ভোজের জন্য চাঁদা তুলে তারা অর্ধেকের বেশি টাকা আত্মসাৎ করেছে অভিযোগ করে তিনি বলেন, “ভোজে নিুমানের খাবার দেওয়ায় ছাত্ররা ক্ষুব্ধ হয়ে এর প্রতিবাদ করে।” কম্পিউটার প্রকৌশল বিভাগের এক ছাত্র বলেন, “ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা বহিরাগতদের নিয়ে এসে হলের গেট আটকে ছাত্রদের মারধর করে।” “খাবারের মান কোনভাবেই খারাপ ছিল না” মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক শিবেন্দ্র শেখর বলেন, “একটি মহল বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে পূর্বের ন্যায় পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।” উপাচার্যের বাসভবন ঘেরাও বেলা আড়াইটার দিকে পুলিশ অমর একুশে হলের দিকে এগুলে ছাত্ররা ইটপাটকেল নিক্ষপ করে। এ সময় ইটের আঘাতে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোস্তফা কামালের মাথা ফেটে যায়। তাকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ৩টা থেকে সাধারণ ছাত্ররা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি এবং ছাত্রদের নিরাপত্তার দাবিতে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমগীরের বাসভবন ঘেরাও করে রাখে। বিকেল সাড়ে ৪টার দিকে উত্তেজিত ছাত্ররা উপাচার্যের বাসভবন ভাংচুর করে। এ সময় পুলিশ ছাত্রদের ওপর লাঠিচার্জ করে। উপাচার্য মোহাম্মদ আলমগীরের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৫৫ ঘ.