নরসিংদী, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালো টাকা ছড়ালে প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
সোমবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে পৌর উপ-নির্বাচন সংক্রান্ত দু’টি মতবিনিময় সভায় তিনি বক্তব্য দেন।
দুপুরে প্রথম সভাটি করেন আইনশৃংখলা বিষয়ে এবং এরপরই সভা করেন নির্বাচনে প্রার্থী ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে।
দ্বিতীয় সভায় প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, কালো টাকা ছড়াবেন না, ধরা পড়লে প্রার্থিতা বাতিল করা হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। প্রকাশ্যে মঞ্চ তৈরি করে জনসভা করা যাবে না।
সন্ত্রাসী নিয়ে প্রচারণা না করারও আহ্বান জানিয়ে এ ব্যাপারে সবার সহযোগিতা চান।
সাখাওয়াত আরো বলেন, প্রত্যেক প্রার্থীকে প্রতিদিনের হিসাব সাতদিন পর পর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিতে হবে। নির্বাচনে পাস করেন আর ফেল করেন ৩০ দিনের মধ্যে প্রত্যক প্রার্থীকে হিসাব দিতে হবে। নইলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা হবে।
প্রথম সভায় নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্বে কোনো প্রকার শৈথিল্য বরদাশত করা হবে না।
আগামী ১৯ জানুয়ারি নরসিংদী পৌর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভার ৩১ কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক ওবায়দুল আজমের সভাপতিত্বে আইনশৃংখলা বিষয়ক সভায় পুলিশ সুপার খ. মহিদ উদ্দিন, রিটার্নিং অফিসার মো. আব্দুল ওয়াদুদ, র্যাব-১১ এর এএসপি আহসান হাবিবসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরের সভায়ও সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। এ সভায় প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াত মেয়র লোকমানের ছোটভাই কামরুজ্জামান, অ্যাডভোকেট আরিফ, সুলতান উদ্দিন মোল্লা, মো. আতাউর রহমান, মো. হাবিবুর রহমান, হাজী আফজাল হোসেন, আসাদুজ্জামন খোকন প্রমুখ। বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও এ সভায় উপস্থিত ছিলেন।
গত বছরের ১ নভেম্বর নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হন মেয়র লোকমান হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রাতিনিধি/ডিডি/১৮৫৮ ঘ.
bdnews24