চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোডমার্চের প্রচারণায় পুলিশ প্রশাসনের সহায়তা চেয়ে চিঠি দিয়েছে নগর বিএনপি।
সোমবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে তারা চিঠিটি পৌঁছে দেন। কমিশনার মো. আবুল কাশেমের অনুপস্থিতিতে অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম চিঠিটি গ্রহণ করেন।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে রোডমার্চ সামনে রেখে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধসহ বিনা বাধায় প্রচারণা চালানো এবং দলীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে চালাতে পুলিশ প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে।
একটি স্বার্থান্বেষী মহল কর্মসূচি বাস্তবায়নে অপকৌশল ও হিংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে- এমন অভিযোগ করে চিঠিতে বলা হয়, নগর সভাপতির বাসার সামনের তোরণে আগুন দেওয়া এবং নগরীর ৪১টি ওয়ার্ডে লাগানো অনেকগুলো ব্যানার খুলে ফেলা হয়েছে। এসব কাজে গোয়েন্দা পুলিশের সহযোগিতা দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
আগামী ৮ ও ৯ জানুয়ারি চট্টগ্রাম অভিমুখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোডমার্চের তারিখ নির্ধারিত রয়েছে। ৯ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সর্বশেষ সমাবেশ হওয়ার কথা।
চিঠি হস্তান্তরের সময় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ানসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
ডা. শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ কমিশনার আমাদের চিঠি গ্রহণ করে আন্তরিকভাবে সহযোগিতা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৪৩৩ ঘ.
bdnews24