নাটোর, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় পিষ্ট হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় আরো দুই শিশু।
সিংড়া থানার ওসি এ কে এম ফায়েজুর রহমান জানান, সোমবার ভোর ৫টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া টোল সেতুর পশ্চিমপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মালু প্রামাণিকের মেয়ে ফাইমা খাতুন (২২) ও সাগর আলীর স্ত্রী লিলি বেগম (২৯)।
আহত হয়েছে ফাইমা খাতুনের ভাই শফিকুল ইসলাম (৭) ও সাগর আলীর মেয়ে সীমা খাতুন (৮)। তারা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ওসি ফায়েজুর বলেন, সারবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নাটোর-বগুড়া মহাসড়কের পাশের ওই বসত বাড়িতে ঢুকে পড়ে। এ সময় ঘুমিয়ে থাকা অবস্থায় চাপা পড়ে মারা যায় ফাইমা ও লিলি।
এ ব্যাপারে সাধারণ ডায়েরি করা হয়েছে।
ময়না তদন্তের জন্য নিহতদের লাশ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান।
চালক পালিয়ে গেলেও সার বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৪৪৩ ঘ.
bdnews24