চাঁদপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুরে গুপ্টি ইউনিয়নের খাজুরিয়া গ্রামের একটি ডোবায় খুরশিদা জাহান শিমুর (২) লাশ পাওয়া যায়।
এই ঘটনার পর থেকে শিমুর চাচা তাহের (২৮) পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শিমুর মা নাজমা বিনতে ইসলাম (২৫) সাংবাদিকদের জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার দেবর তাহের তাকে ঘর থেকে বের করে দরজায় তালা মেরে দেয়। তিনি প্রতিবাদ করলে তার চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া, কিল-ঘুষি ও লাথি মারে।
তার মেয়েকে তাহেরই হত্যা করেছে বলে নাজমা ধারণা করছেন।
ওই ঘটনার সময় নাজমার স্বামী আবুল বাসার বাড়িতে ছিলেন না বলেও জানান তিনি।
নাজমার শাশুড়ি উম্মে কুলসুম (৫৫) বলেন, “ঘটনা শুনে আমি গিয়ে দেখি নাজমার অচেতন দেহ পড়ে আছে। আর তার মেয়ে পাশের ডোবার পানিতে ভাসছে।”
মেয়টিকে চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত বলে জানানো হয়।
ফরিদগঞ্জ থানার ওসি সুব্রত ব্যানার্জি বলেন, এই ঘটনায় নাজমার স্বামী আবুল বাশার একটি মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৫৭ ঘ.
bdnews24